তাজরীনে ‘হত্যাকাণ্ডে’র দায় মালিকপক্ষের

আন্তর্জাতিক অঙ্গনে তৈরি পোশাক শিল্পের ইমেজ বর্তমান নানা কারণে কমেছে। তা বাড়াতে হলে এই শিল্পের শ্রমিকদের দিকে তাকাতে হবে। এক্ষেত্রে মূল দায়িত্ব নিতে হবে মালিকপক্ষকে। তাজরীন ‘হত্যাকাণ্ডের’ দায় মালিকপক্ষের। মালিককে গ্রেফতার না করায় সরকারও দায় এড়াতে পারে না। তৈরি পোশাক শিল্পক্ষেত্রের ইমেজ বৃদ্ধিতে সরকার, শ্রমিক নেতৃবৃন্দ, বেসরকারি সংস্থা (এনজিও) ও সংশ্লিষ্ট পক্ষকেও সহায়তা করতে হবে। এগিয়ে আসতে হবে ব্র্যান্ডগুলোকেও (বায়ার)। কারণ সরবরাহ চেইনে তারাই সবচেয়ে বেশি মুনাফা করে। গতকাল বুধবার ‘বাংলাদেশের গার্মেন্টস খাতের ভাবমূর্তি প্রতিষ্ঠায় সাম্প্রতিক চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক এক বহুপাক্ষিক সংলাপে বক্তারা এসব কথা বলেন। বেসরকারি সংস্থা অ্যাকশন এইডের আয়োজনে এ অনুষ্ঠানে গার্মেন্টস মালিক, শ্রমিক নেতা, আন্তর্জাতিক ক্রেতা প্রতিষ্ঠানের প্রতিনিধি, সরকারের সংশ্লিষ্ট পক্ষ উপস্থিত ছিলেন। অ্যাকশন এইডের পরিচালক আসগর আলী সবরির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স-এর সভাপতি ড. গোলাম রহমান। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অ্যাকশন এইডের উপ-পরিচালক এ আর আমান। বক্তারা এ খাতের বিদ্যমান চ্যালেঞ্জ তুলে ধরেন। তারা সম্প্রতি তাজরীন গার্মেন্টস-এর উদাহরণ তুলে ধরে বলেন, আন্তর্জাতিক ভ্যালু চেইনে যুক্ত থাকার কারণে তাজরীনের মত ঘটনা লুকানোর সুযোগ নেই। শ্রমিক নেতারা মনে করেন বিদ্যমান শ্রম আইন মানা হলে শ্রম অসন্তোষ কমে আসবে। মালিকদের মুনাফার ৫ শতাংশ শ্রমিকদের দেয়ার সিদ্ধান্ত বাস্তবায়ন করলে কারখানায় ভাঙচুরের মত ঘটনা ঘটবে না। তবে একই সাথে বাড়ি ভাড়া আইন যথাযথভাবে মানতে বাড়ির মালিকদের বাধ্য করারও তাগিদ দেন তারা। আলোচনায় অংশ নিয়ে শ্রমিক নেতা ও বাংলাদেশ ন্যাশনাল কো-অর্ডিনেটিং কমিটির চেয়ারম্যান রায় রমেশ চন্দ্র তাজরীন দুর্ঘটনার জন্য আমেরিকাভিত্তিক নামকরা বায়ার প্রতিষ্ঠান ওয়ালমার্টকেও অভিযুক্ত করেন। এই ঘটনায় ওয়ালমার্ট সরবরাহকারী প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক ছিন্ন করায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, অগ্নিকাণ্ডের পর দায়-দায়িত্ব তারা নেবে না তা হতে পারে না। তিনি বলেন, তাজরীনে ‘হত্যাকাণ্ডের’ দায় মালিকের। তাকে গ্রেফতার না করায় সরকারও দায় এড়াতে পারে না। তিনি আরো বলেন, ২০১০ সালে বেতন বেড়েছে। কিন্তু বর্তমান বাজারদরের সাথে তা কতটুকু সঙ্গতিপূর্ণ? আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সহ-সভাপতি মোহাম্মদ হাতেম তৈরি পোশাক খাত বর্তমানে ইমেজ সংকটে রয়েছে বলে স্বীকার করেন। অপরদিকে ফায়ার ব্রিগেডের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবু নইম শহীদুল্লাহ অগ্নিকাণ্ডের সময় পানির প্রাপ্যতার অভাবের কথা তুলে ধরেন। তিনি মালিকপক্ষের উদ্দেশে বলেন, ৪/৫ জন মালিক মিলে নিজেদের কারখানার জন্য পানি রিজার্ভে রাখার একটি গাড়ি কিনতে পারেন। ফলে কোথাও অগ্নিদুর্ঘটনা ঘটলে এটি কাজে দেবে। অ্যাকশন এইডের নির্বাহী পরিষদ সদস্য মনসুর আহমেদ চৌধুরীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-এর সহকারী পরিচালক সুলতান উদ্দিন আহমেদ, শ্রমিক নেত্রী নাজমা আক্তার, লিমা ফেরদৌস প্রমুখ।