সারাদেশে ১৪ দলের এক ঘণ্টার মানববন্ধন আজ
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০১৩, ২২:৪১
একাত্তরের মানবতাবিরোধী যুদ্ধাপরাধী-দের বিচার ত্বরান্বিত করার দাবিতে এবং বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে আজ বৃহস্পতিবার রাজধানীসহ সারাদেশে এক ঘণ্টার মানববন্ধন কর্মসূচি পালন করবে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল। বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত সাধারণ জনগণকে সম্পৃক্ত করে মানববন্ধনের মাধ্যমে দেশ জুড়ে মানবপ্রাচীর গড়ে তুলতে চায় ১৪ দল। তবে প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার খুলনায় রাজনৈতিক কর্মসূচি থাকার কারণে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, গোপালগঞ্জ ও নড়াইল জেলা এই কর্মসূচির আওতামুক্ত থাকবে।
ঢাকা মহানগরীর মানববন্ধনের রুটগুলো হলো গাবতলী থেকে শ্যামলী, আসাদ গেইট, ধানমন্ডি ২৭ নম্বর, রাসেল স্কয়ার, গ্রীন রোড, পান্থপথ, বসুন্ধরা, সোনারগাঁও হোটেল, শাহবাগ, মত্স্য ভবন, প্রেস ক্লাব, পল্টন মোড়, নূর হোসেন স্কয়ার, বঙ্গবন্ধু স্কয়ার, গুলিস্তান পার্ক, ইত্তেফাক, রাজধানী মার্কেট, সায়েদাবাদ হয়ে যাত্রাবাড়ী চৌরাস্তা মোড় পর্যন্ত। এই মানববন্ধন কর্মসূচিতে কেন্দ্রীয় ও মহানগর ১৪ দলের নেতৃবৃন্দ গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত নিম্নোক্ত ১৩টি স্থানে উপস্থিত থাকবেন। গাবতলী থেকে টেকনিক্যাল হয়ে শ্যামলী পর্যন্ত নেতৃত্ব দেবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নূহ-উল-আলম লেনিন, উপদেষ্টামণ্ডলীর সদস্য মেজর জেনারেল (অব.) আব্দুল হাফিজ মল্লিক পিএসসি, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি, জাসদের শিরিন আকতার প্রমুখ। শ্যামলী, কলেজ গেইট, আসাদ গেইট হয়ে ২৭ নং সড়ক পর্যন্ত থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ, উপদেষ্টামণ্ডলীর সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক এমপি, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম এমপি প্রমুখ। ধানমন্ডি ২৭ নম্বর সড়ক থেকে রাসেল স্কয়ার পর্যন্ত নেতৃত্ব দেবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সতীশ চন্দ্র রায়, কার্যনির্বাহী সংসদের সদস্য ড. আবদুস সোবহান গোলাপ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কমরেড হাজেরা সুলতানা, ন্যাপের পরিতোষ দেবনাথ, ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এমপি, ইলিয়াস উদ্দিন মোল্লা এমপি, অপু উকিল এমপি প্রমুখ। রাসেল স্কয়ার, গ্রীন রোড হয়ে বসুন্ধরা মার্কেট পর্যন্ত থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুল লতিফ সিদ্দিকী এমপি, কোষাধ্যক্ষ এইচ. এন আশিকুর রহমান, কার্যনির্বাহী সংসদের সদস্য আখতারউজ্জামান, আব্দুর রহমান এমপি, উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাম্বাসেডর জমির, এ. এফ. এম ফখরুল ইসলাম মুন্সি প্রমুখ। বসুন্ধরা মার্কেট থেকে সোনারগাঁও হোটেল পর্যন্ত নেতৃত্ব দেবেন আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক আ. হ. ম মোস্তফা কামাল (লোটাস কামাল) এমপি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক স্থপতি ইয়াফেস ওসমান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দেওয়ান শফিউল আরেফিন টুটুল প্রমুখ। সোনারগাঁও হোটেল মোড়, বাংলা মটর, রূপসী বাংলা হোটেল হয়ে শাহবাগ মোড় পর্যন্ত থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট সাহারা খাতুন এমপি, কার্যনির্বাহী সংসদের সদস্য মো. একেএম রহমত উল্লাহ এমপি, এম এ মান্নান এমপি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কমরেড মাহমুদুল হাসান মানিক প্রমুখ।
শাহবাগ মোড় থেকে মত্স্য ভবন পর্যন্ত থাকবেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এমপি, প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের এমপি, সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর এমপি, আবু সাঈদ আল মাহমুদ স্বপন প্রমুখ। মত্স্য ভবন থেকে প্রেসক্লাব হয়ে পল্টন মোড় পর্যন্ত নেতৃত্ব দেবেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবুল মাল আবদুল মুহিত এমপি, প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি, উপদেষ্টা পরিষদের সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, এডভোকেট রহমত আলী এমপি প্রমুখ। পল্টন মোড় থেকে নূর হোসেন স্কয়ার হয়ে গুলিস্তান মোড় পর্যন্ত থাকবেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি, মেজর জেনারেল (অব.) কে এম শফিউল্লাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি, সাংগঠনিক সম্পাদক বি. এম মোজাম্মেল হক এমপি, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান নূর এমপি প্রমুখ।
বঙ্গবন্ধু স্কয়ার (গুলিস্তান সিনেমা হল) থেকে পার্কের মধ্য দিয়ে ইত্তেফাক মোড় পর্যন্ত নেতৃত্ব দেবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী এমপি, উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এমপি, মো. আব্দুল জলিল এমপি, প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি, কার্যনির্বাহী সংসদের সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম, এ আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড দিলীপ বড়ুয়া, কমিউনিস্ট কেন্দ্রের ডা. ওয়াজিদুল ইসলাম খান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কমরেড রাশেদ খান মেনন এমপি, ন্যাপের আব্দুর রশিদ সরকার, গণতন্ত্রী পার্টির নূরুর রহমান সেলিম, জাসদের হাসানুল হক ইনু এমপি, শরীফ নুরুল আম্বিয়া, আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক এডভোকেট মৃণাল কান্তি দাস প্রমুখ। রাজধানী মার্কেট থেকে সায়েদাবাদ পর্যন্ত নেতৃত্ব দেবেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এইচ. টি ইমাম, ড. মশিউর রহমান, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক নূরুল ইসলাম নাহিদ এমপি, কার্যনির্বাহী সংসদের সদস্য এডভোকেট জুনায়েদ আহমেদ পলক এমপি প্রমুখ। সায়েদাবাদ থেকে যাত্রাবাড়ী পর্যন্ত থাকবেন আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ড. মো. আব্দুর রাজ্জাক এমপি, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী এমপি, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব.) মোহাম্মদ ফারুক খান এমপি, কার্যনির্বাহী সংসদের সদস্য নসরুল হামিদ বিপু এমপি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কমরেড বিমল বিশ্বাস, ন্যাপের তাজুল ইসলাম প্রমুখ।
কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী মানববন্ধন কর্মসূচিতে ১৪ দলীয় জোটের নেতা-কর্মীদের পাশাপাশি মুক্তিযুদ্ধের পক্ষের সকল অসামপ্রদায়িক গণতান্ত্রিক শক্তি, সুশীল সমাজ, বুদ্ধিজীবী, পেশাজীবী, সংস্কৃতিসেবী, শ্রমিক, কৃষক, নারী, ছাত্র, যুবক, তরুণ সমাজসহ সর্বস্তরের জনগণ ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনকে ব্যাপকভাবে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন।