তুমি এই সুখের শীতকাল এই দুঃখের শীতকাল

এই শীত ও মেয়েদের সাথে ভালোই ছিলাম; মাঝে মাঝে কেন যে শীত এমন তীব্র হয়? মেয়েদের মতোই তো রোমান্টিক এই শীতকাল তার শরীরে শাল ও কামিজের মিষ্টি গন্ধ, বুকের পাশে জামার নীচে কিছু প্রাচীন মুদ্রা, মেয়েরা যেমন রাখে এই শিশির আর ভেজা ঘাস নিয়ে শীতকাল খুব মন্দ নয়। এতো দারিদ্র্যেও এখনও কেউ কেউ ভোরের গ্রামীণ রোদে খেজুর রসের হাঁড়ি নিয়ে বসে, সকালের এই ছবিটার মধ্যেই গ্রামবাংলার শীতকাল, তার হেমন্তের পাতাঝরা; কবে সেই মিষ্টি শীতে হলুদ খাম পাঠিয়ে দিয়েছিলে আমাকে আজ খামের বদলে ফোনপত্র, আমি এই ফোনের চিঠি পড়তে পড়তে এককোটি শীতের রাত পার করে দিলাম। মাঝে মাঝে এই শীত যখন একটু বেশি হয় তখন তোমাকে শীতের কাঁথার মতো গায়ে জড়িয়ে নেই, তুমি আমার এই সুখের শীতকাল, এই দুঃখের শীতকাল।