ছোট চরিত্রেই চাষী’র ‘বাজিমাত’

ভালো কোনো চরিত্র হলে, আর অভিনয় গুণ থাকলে যে চরিত্রের ব্যাপ্তি খুব বেশি গুরুত্বপূর্ণ না, তা প্রমাণ করেছেন অভিনেতা চাষী। সম্প্রতি মুক্তি প্রাপ্ত বহুল আলোচিত চলচ্চিত্র রেদওয়ান রনির ‘চোরাবালি’তে ডাবু নামের ছোট্ট একটি চরিত্র দিয়েই খুব অল্পতেই আলোচনায় চলে আসেন চাষী। ছোটপর্দায় বেশ কিছু এক ঘণ্টার নাটক ও সিরিয়ালে অভিনয় করলেও চাষীর মূলত টার্গেট চলচ্চিত্র। তবে গতানুগতিক ধারার চলচ্চিত্র তিনি করতে চান না। এ প্রসঙ্গে চাষী বলেন, ‘আমার কাছে চরিত্র ছোট না বড়, সেটি কোনো বিষয় নয়, কিন্তু চরিত্রে যেন আমি নিজে কিছু দেখানোর সুযোগ পাই। তবেই আমার আত্মবিশ্বাস আমার মেধাগুণে দর্শককে আমার চরিত্র নিয়ে ভাবাতে পারব। ‘চোরাবালি’ নিয়েও অনেকে বলেছে। ছোট চরিত্র হলেও আমার দাঁত মাজার দৃশ্যটা নাকি অনেকে ভুলতে পারে না। আমি এমন কিছু কাজের সুযোগ পেলে বাংলাদেশি চলচ্চিত্রে কিছু কাজ দেখাতে চাই।’ উল্লেখ্য, বর্তমানে চাষী বেশ কিছু নাটক সিরিয়ালের কাজে ব্যস্ত রয়েছেন। এ ছাড়া খুব শিগগিরই রায়হান খানের একটি ধারাবাহিকে শুটিংয়ের জন্য দেশের বাইরে যাবেন বলে জানান তিনি।