মাঠের বাইরে ক্যাসিয়াস

চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে খেলা হচ্ছে না রিয়াল মাদ্রিদ গোলরক্ষক ইকার ক্যাসিয়াসের। ভ্যালেন্সিয়ার বিপক্ষে গত বুধবারের ম্যাচে বৃদ্ধাঙ্গুলি ভেঙ্গে ফেলা ক্যাসিয়াসকে ছয় সপ্তাহের জন্য থাকতে হবে মাঠের বাইরে। ভ্যালেন্সিয়ার মাঠে ১-১ গোলে ড্র হওয়া ঐ ম্যাচে ক্যাসিয়াস মাত্র ১৭ মিনিটের সময় হাতে ব্যথা পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে ক্যাসিয়াসের অবস্থার উন্নতি না হওয়ায় তাকে হয়তো বেশ কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে। ফলে এটা অনেকটাই নিশ্চিত আগামী ফেব্রুয়ারির ১৩ তারিখে সান্টিয়াগো বার্নাব্যুতে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে নকআউট পর্বে দলের হয়ে মাঠে নামা হচ্ছে না তার। রিয়াল মাদ্রিদের ওয়েবসাইটে জানানো হয়, ‘লা মোলারেজা সেইন্টাস হাসপাতালে প্রাথমিক এক্সরে রিপোর্ট এটা নিশ্চিত করেছে যে ইকার ক্যাসিয়াসের বাম হাতের বৃদ্ধাঙ্গুলির প্রথম অঙ্গুলাস্থিতে চিড় ধরেছে। তাকে কোন ধরনের চিকিত্সা নিতে হবে তা নিশ্চিত হওয়ার জন্য দ্রুতই তাকে আরেকজন বিশেষজ্ঞের তত্ত্বাবধানে নেয়া হবে।’ অবস্থার আশাব্যঞ্জক উন্নতি না হলে ৩১ বছর বয়সী এই গোলরক্ষক ম্যান ইউর বিরুদ্ধে ফিরতি পর্বের ম্যাচ তো বটেই এমনকি মিস করতে পারেন ২ মার্চের এল ক্লাসিকোও।