রাজস্ব আদায় বাড়াতে কর্মকর্তাদের আন্তরিক হওয়ার আহ্বান

রাজস্ব আহরণ বৃদ্ধিতে মাঠ পর্যায়ে কর্মকর্তাদের দক্ষতা ও আন্তরিকতার কোন বিকল্প নেই। আর মাঠ পর্যায়ে কর্মকর্তাদের দক্ষতার উপরই নির্ভর করে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার সাফল্য বা ব্যর্থতা। নোয়াখালীর নবসৃষ্ট কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সার্কেলের কর্মকর্তা-কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন কুমিল্লার কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার গোলাম মোঃ মুনীর। রাজস্ব আদায় বাড়াতে জেলা ও উপজেলা পর্যায়ে তদারকির অংশ হিসেবে গত বুধবার নোয়াখালী পরিদর্শনে আসেন তিনি। তিনি রাজস্ব কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, রাজস্ব আদায়ের ক্ষেত্রে মাঠ পর্যায়ে কর্মকর্তাদের দ্বারা কেউ যেন হয়রানির শিকার না হয়। রাজস্ব আহরণের মত জনগুরুত্বপূর্ণ কাজ করার ক্ষেত্রে আমাদের সকল সীমাবদ্ধতাকে আন্তরিকতা ও সেবার মনোভাব নিয়ে জয় করতে হবে। বিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ সালাহউদ্দিন রিজভীর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন নোয়াখালী সার্কেলের রাজস্ব কর্মকর্তা মোঃ হারুন-অর-রহমান। এছাড়াও কাস্টমস্, কমিশনার স্থানীয় গ্লোব গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এবং আল-আমিন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ-এর রাজস্ব আদায় সম্পর্কিত বিষয়ে সরেজমিনে পরিদর্শন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে মতবিনিময় করেন। পরে তিনি নোয়াখালী জেলা প্রশাসকের সাথে মতবিনিময় করেন। উক্ত সভায় তিনি নোয়াখালী, লক্ষ্মীপুর এবং ফেনী জেলার সরকারি আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে আইটি মেলা ও আইটি প্রশিক্ষণ কর্মসূচি আগামী ফেব্রুয়ারি মাসের শেষের দিকে অনুষ্ঠিত হবে বলে জানান।