ভারত থেকে কাঁচা মরিচ
আমদানি হচ্ছে
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০১৩, ২০:৪৬
বাংলাদেশে হঠাত্ করে কাঁচা মরিচের দাম চড়ে যাওয়ায় ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। দেশের বাজারে মাস খানেক আগে থেকে কাঁচা মরিচের দামের ঊর্ধ্বগতি শুরু হয়। খুচরা প্রতি কেজির দাম একশ’ টাকার উপরে উঠে। হিলি স্থলবন্দর দিয়ে ৪ জানুয়ারি থেকে বাংলাদেশে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি হচ্ছে। এ বন্দরের কোয়ারেইনটাইন অফিসার আবু সাইদ মো. ফজলে এলাহী জানান, গত সোমবার বিকাল পর্যন্ত ৩৮২ টন কাঁচা মরিচ আমদানি হয়েছে। প্রতি টনের আমদানি মূল্য আড়াইশ’ ডলার। অর্থাত্ প্রতি কেজির মূল্য ২৫ সেন্ট। টাকার অংকে ২০ টাকা ৫০ পয়সা। ভারতীয় কাঁচা মরিচ পাইকারি ৬০-৬৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। উত্তর-পশ্চিমাঞ্চলের হাট-বাজারে খুচরা ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ সময় কাঁচা মরিচের অভাব হওয়ার কথা নয়। চাষিদের সাথে কথা বলে জানা যায়, বৈরী আবহাওয়া ও ঘন কুয়াশায় মরিচের ফুল পচে যায়। এতে ফল কম ধরছে। যার ফলে বাজারে কাঁচা মরিচের ঘাটতি দেখা দেয়। দামও তরতর করে চড়ে যায়।
গতবছরের জুলাই মাসে ভারতের পশ্চিমবঙ্গে কাঁচা মরিচের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়। তখন কলকাতার বাজারে প্রতি কেজি কাঁচা মরিচের দাম চড়ে একশ’ ১০ রুপি পর্যন্ত হয়েছিল। এক রুপিতে ৪টি কাঁচা মরিচ বিক্রি হয়েছিল বলে ভারতীয় মিডিয়ার খবরে জানা যায়। তখন বাংলাদেশ থেকে ভারতে কাঁচা মরিচ রপ্তানি করা হয়। প্রতি টন আড়াইশ’ ডলার মূল্যে রপ্তানি করা হয়েছিল। বাংলাদেশের কাঁচা মরিচ পশ্চিমবঙ্গের বাজারে উত্তাপ থামায়।