আটপাড়া স্বেচ্ছাসেবক দল
কাউন্সিল ছাড়াই
কমিটি গঠন
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০১৩, ২০:৫৯
নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গঠন নিয়ে কোন্দল চরম আকার ধারণ করেছে। তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের মতামতকে উপেক্ষা করে কাউন্সিল ছাড়াই আটপাড়া উপজেলা কমিটি গঠন করায় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা গত বুধবার জেলা বিএনপির সভাপতি, সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়কের কাছে প্রতিবাদ জানিয়ে গণপদত্যাগের হুমকি দিয়েছে। বিক্ষুব্ধ নেতা-কর্মীরা গতকাল নেত্রকোনায় এক সাংবাদিক সন্মেলনে লিখিত অভিযোগে জানান, জেলা থেকে হাবিবুর রহমানকে আহবায়ক এবং ৪ জনকে যুগ্ম আহবায়ক করে ৩৪ সদস্য বিশিষ্ট আটপাড়া উপজেলার আহবায়ক কমিটি গঠন করে দেয়। উক্ত আহবায়ক কমিটি তৃণমূল পর্যায়ে ব্যাপক সাংগঠনিক তত্পরতা চালিয়ে ইতিমধ্যে ৭টি ইউনিয়নের ৬৩টি ওয়ার্ড কমিটি গঠন করে পূর্ণাঙ্গ ইউনিয়ন কমিটি গঠন করে। পরে উপজেলা সম্মেলনের জন্য জেলা কমিটির আহবায়কের নিকট বলা হলে তিনি কোন কমিটিকে না জানিয়ে বা সম্মেলন ও কাউন্সিল না করেই তার পছন্দসই আটপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম চুন্নুকে সভাপতি এবং ফকির আনোয়ারকে সম্পাদক করে উপজেলা কমিটি ঘোষণা করে। এ ব্যাপারে জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাসেল মাহমুদের সাথে গত বুধবার রাতে যোগাযোগ করা হলে তিনি কমিটি গঠনের কথা স্বীকার করে বলেন, আটপাড়ায় গ্রুপিংয়ের কারণে কাউন্সিল না দিয়েই কমিটি করে দিয়েছি।