গৌরনদীতে ভাবীকে পতিতালয়ে বিক্রির অভিযোগে মামলা

বরিশালের গৌরনদী উপজেলার মাগুড়া গ্রামে ননদ, ভাশুর ও দেবর কর্তৃক এক গৃহবধূকে (৩২) পতিতালয়ে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। ওই গৃহবধূ দীর্ঘ ৩ মাস ৮ দিন অবরুদ্ধ থাকার পর পালিয়ে এসে বুধবার গৌরনদী থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশ ও নির্যাতিতা গৃহবধূ জানান, গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যায় তার চাচাতো ননদ লক্ষ্মী বৈদ্য, ভাশুর সুধির মণ্ডল, দেবর নারায়ণ মণ্ডল তাকে বাসায় কাজ দেবার কথা বলে কৌশলে মাদারীপুর পতিতালয়ের পতিতা সরদার অঞ্জিতের কাছে বিক্রি করে দেয়। সেখানে তাকে তার ইচ্ছার বিরুদ্ধে যৌনকাজে বাধ্য করা হয়। কিছুদিন পর তাকে অভিযুক্ত অম্বিকা বালার ভাড়াটিয়া বাসায় নিয়ে রাখা হয়। গৃহবধূ জানায়, পরবর্তিতে ওই চক্রের লোকজন তাকে ভারতে পাচারের ফন্দি করে। বিষয়টি টের পেয়ে সেখান থেকে সে পালিয়ে আসে। ওসি আবুল কালাম জানান, মামলা দায়েরের পর আসামিরা এলাকা ছেড়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।