কুমিল্লায় পাঁচ ধর্ষক দু’দিনের রিমান্ডে
চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০১৩, ২১:০৩
কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বোন পুলিশের হেফাজতে থাকার একদিন পর আদালত তাদেরকে তাদের মায়ের জিম্মায় দিয়েছে। এরই সাথে আটক পাঁচ ধর্ষককে দু’দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। বুধবার কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কায়সার মোশারফ ইউসুফ ওই নির্দেশ দেন। উল্লেখ্য, প্রেমের টানে বাড়ি ছেড়ে গণধর্ষণের শিকার হয় ঐ দুই বোন। বড় বোন গোলাপী (ছদ্মনাম) ভালবাসতো চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের হোসেন মিয়ার ছেলে রাসেলকে (২৪)। আর চামেলী (ছদ্মনাম) ভালবাসতো রাসেলের খালাতো ভাই একই এলাকার মাহবুব (২২) নামের এক যুবককে। গত বৃহস্পতিবার রাসেল ও মাহবুবের সঙ্গে কথা হয় গোলাপী ও চামেলীর। তারা পালিয়ে বিয়ে করবে। সন্ধ্যা ৫টার দিকে গোলাপী ও চামেলী তাদের সহকর্মী রেশমার বিয়েতে যাবে বলে তাদের একটি ছোট ভাইকে নিয়ে (বয়স ৮-৯) বাড়ি থেকে বের হয়ে আসে। রাত ৯টার দিকে চৌদ্দগ্রাম উপজেলার শিবের বাজার এলাকা কবরস্থান সংলগ্ন একটি বাগানে নিয়ে রাসেল ও তার অপর সাত বন্ধু মিলে তাদের ছোট ভাইকে গাছের সাথে বেঁধে পালাক্রমে নির্যাতন ও ধর্ষণ করে। আটককৃতরা হল:চৌদ্দগ্রাম উপজেলার আব্দুর রহমানের ছেলে নজরুল ইসলাম নজির (২৫), মান্নানের ছেলে হানিফ (২৪), আলী আহাম্মদের ছেলে মাঈনউদ্দিন (১৮), ছিদ্দিকুর রহমানের ছেলে শামীম (২২) ও মুর্তুজার ছেলে হানিফ (২৪)।