সেজে উঠছে চট্টগ্রাম
স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০১৩, ২১:৩১
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চট্টগ্রাম ভেন্যুর ম্যাচগুলোর টিকেট বিক্রি গতকাল বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে। নগরীতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের তিনটি শাখা, এয়ারটেলের পাঁচটি আউটলেট এবং এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়ামে টিকেট বিক্রি হচ্ছে। এছাড়া টিকেট অনলাইনেও কেনা যাচ্ছে। বিপিএল আয়োজক কমিটির সহায়ক প্রতিষ্ঠান অ্যাকটিভ সার্ভিসের কর্মকর্তা আহমেদ গনি চৌধুরী বৃহস্পতিবার দুপুরে ইত্তেফাককে জানান, ‘বিপিএলের প্রথম আসর চট্টগ্রামে ব্যাপক সাড়া ফেলেছিল। এবারও তার ব্যতিক্রম হবে না। এ অঞ্চলের ক্রিকেটপ্রেমী মানুষ টিকেট কেনার জন্য সকাল থেকেই ভীড় জমাতে শুরু করেছেন।’ বিপিএল চট্টগ্রাম পর্বের খেলাগুলো শুরু হবে ২৮ জানুয়ারি। চলবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত। এদিকে বিপিএল উপলক্ষে চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামকে নতুন সাজে সাজানো হয়েছে। এ জন্য সবরকমের প্রস্তুতির কাজ প্রায় শেষ পর্যায়ে। স্টেডিয়ামের পূর্ব গ্যালারিতে স্থাপন করা হয়েছে নতুন স্কোর বোর্ড। তৈরি করা হয়েছে ৩৬টি টয়লেট। ত্রুটিপূর্ণ ফ্লাডলাইটের জায়গায় বসানো হয়েছে নতুন ৩২০টি বালব।
বিপিএল উপলক্ষে জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামের ফ্লাড লাইটগুলো স্থানান্তর করে এখানে স্থাপন করা হয়েছে। পরে এগুলো আবার তাদের আগের ঠিকানায় ফিরিয়ে নেয়া হবে। অনেক ভালোর মাঝেও এমএ আজিজ স্টেডিয়ামের মিডিয়া বক্স দেখে হয়তো খুব একটা খুশি হতে পারবেন না বিপিএল কাভার করতে আসা সাংবাদিকরা। কারণ এই বক্সে একসাথে বসতে পারবেন মাত্র ৬০ জন সাংবাদিক। এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে বিপিএল মিডিয়া কমিটির আহ্বায়ক আলী আব্বাস ইত্তেফাককে জানান, ‘চাহিদার তুলনায় মিডিয়া বক্সটি কিছুটা ছোটই। তবে আগামী বছর বাংলাদেশে টি- টোয়েন্টি বিশ্বকাপের আসর শুরু হওয়ার আগেই আমরা এ মিডিয়া বক্সটিকে আন্তর্জাতিক রূপ দিতে পারব বলে আশা রাখি।’