যাকের দম্পতির ‘কাঁঠাল বাগান’ মঞ্চায়ন আজ

আজ ছায়ানট মিলনায়তনে মঞ্চায়ন হবে আলী যাকের ও সারা যাকের অভিনীত নাগরিকের নাটক ‘কাঁঠাল বাগান।’ চেকভ এর ‘চেরী অর্চার্ড’ থেকে রূপান্তরিত এই নাটকটির নাট্যরূপ দিয়েছেন আলী যাকের। কাঁঠাল বাগানের প্রদর্শনী প্রসঙ্গে আলী যাকের বলেন,‘ আমার সবচেয়ে আনন্দের জায়গা এই মঞ্চ। একটি মঞ্চনাটক দর্শকদের ভেতরে স্থায়িত্ব পেতে বেশ কিছু সময় লাগে। ঠিক সেইভাবেই এগুচ্ছে কাঁঠাল বাগান। ছোট-বড় বিভিন্নভাবে প্রদর্শনী চলছে। ভাল রেসপন্স পাচ্ছি।’ অভিনেত্রী সারা যাকের বলেন, ‘কাঁঠাল বাগান নিয়ে আমিও খুব আশাবাদী। অনেকগুলোই তো প্রডাকশন করলাম। তবে এই নাটকটিতে লক্ষ্য করেছি অনেক তরুণ-তরুণী খুব উত্সাহ দেখাচ্ছে।’ খুব শিগগিরই দেশের বাইরে কাঁঠাল বাগান নিয়ে নতুন মঞ্চায়নের সম্ভাবনা রয়েছে বলে জানান তারা।