বিদেশে অর্জিত দক্ষতা কাজে লাগাতে হবে : গওহর রিজভী
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০১৩, ২১:৪৯
অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চতর ডিগ্রিলাভকারী কৃতী শিক্ষার্থীদের পুরস্কৃত করেছে অস্ট্রেলীয় হাইকমিশন। বুধবার রাতে স্থানীয় একটি হোটেলে অস্ট্রেলিয়ান এলামনাই এক্সিলেন্স এওয়ার্ডস প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী বলেন, বিদেশে উচ্চতর ডিগ্রি নিয়ে মেধাবী শিক্ষার্থীরা দেশে ফিরে তাদের অর্জিত জ্ঞান জনগণের কল্যাণে ব্যয় করছেন। এটা আনন্দের খবর। ফলে দেশ ও জনগণ উপকৃত হবে।
অস্ট্রেলিয়ার শিক্ষার মান, জ্ঞান বিজ্ঞানের উত্কর্ষতার মাধ্যমে দেশ সমৃদ্ধ হবে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ উন্নত দেশের ছাত্রছাত্রীদেরও অর্জিত মেধা ও দক্ষতা নিয়ে দেশে ফিরে নিয়োজিত হতে হবে। তাহলে দেশ কাঙ্ক্ষিত পর্যায়ে এগিয়ে যাবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরী। আরো বক্তব্য রাখেন অস্ট্রেলিয়ার হাইকমিশনার গ্রেস উইলকক ও ট্রেড কমিশনার মাইকেল কার্টার।
অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সচিব মাহবুব হোসেন, মাক্স রিনিউএবল এনার্জি কোম্পানির এমডি নেসার খান, আইসিডিডিআরবির সিনিয়র মেডিক্যাল অফিসার ডা. সাঈদা হক, ব্রাক এর আইজিএস এর প্রোগ্রাম ম্যানেজার নুজহাত জাবিন এবং আণবিক শক্তি কমিশনের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা নাহিদ হোসেনকে বিশেষ কৃতিত্বের জন্য পুরস্কৃত করা হয়।