জলবায়ু প্রকল্প গ্রহণে উপেক্ষিত স্থানীয় বাসিন্দাদের মতামত
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০১৩, ২১:৪৯
জলবায়ু পরিবর্তন মোকাবিলা করার প্রকল্প গ্রহণের ক্ষেত্রে স্থানীয়দের মতামত অগ্রাহ্য করা হচ্ছে। কেন্দ্রীয়ভাবে ছক প্রস্তুত করে যেনতেনভাবে আলোচনা সেরে পরিকল্পনা বা প্রকল্প প্রণয়ন করা হচ্ছে। ফলে অনেক ক্ষেত্রেই মানুষ এসব প্রকল্প থেকে কাঙ্ক্ষিত সুফল পাচ্ছে না।
গতকাল বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত গোলটেবিল আলোচনায় বক্তারা এ অভিমত ব্যক্ত করেছেন।
বাংলাদেশ উন্নয়ন পরিষদের চেয়ারম্যান এম এ জলিলের সভাপতিত্বে এ আলোচনায় অংশ নেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আলোচক দলের আহ্বায়ক ড. কাজী খলীকুজ্জমান আহমদ, বিআইডিএস’র গবেষণা পরিচালক ড. আসাদুজ্জামান, জলবায়ু বিশেষজ্ঞ আনসারুল করিম, জলবায়ু বিশেষজ্ঞ ড. আহসান উদ্দিন আহমেদ প্রমুখ।
ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, আমরা জলবায়ু পরিবর্তনকে পৃথকভাবে দেখছি না। সমন্বিতভাবে অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে মিলিয়ে একে দেখা হচ্ছে। পৃথিবীতে অন্য কোন দেশ নেই যারা জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ঝুঁকি মোকাবেলায় নিজেদের এতো টাকা ব্যয় করছে। জানুয়ারি পর্যন্ত এ সংক্রান্ত ১১৯টি প্রকল্প সরকারিভাবে গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ৫৫টি প্রকল্পে অর্থায়ন শুরু হয়েছে। এর মধ্যে দুই-একটি প্রকল্পে কিছু অসঙ্গতি নেই তা নয়, তবে অনেক যাচাই-বাছাই করেই এগুলোকে অনুমোদন দেয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, এসব প্রকল্প মানুষের জন্যে করা হচ্ছে। সুতরাং মানুষের মতামতের প্রতিফলন যাতে এতে থাকে সেটি ভালভাবে খতিয়ে দেখতে হবে। অনেক সময় ছক তৈরি করে কর্ম এলাকায় মানুষের সঙ্গে আলোচনার জন্যে যাওয়া হচ্ছে। এসব আলোচনায় মানুষের মতামতের উপর গুরুত্ব দেয়া হয় না। এখন যাতে আলোচনার সময় কোন ছক না থাকে সে ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি বলেন, প্রকল্পের বরাদ্দের ক্ষেত্রে স্বচ্ছতার কোন অভাব নেই। তবে বাস্তবায়ন ও পরিবীক্ষণে কিছু সমস্যা রয়ে গেছে। পরিবেশ মন্ত্রণালয়কে যথাযথ লোক নিয়োগের মাধ্যমে এই কাজটি করতে হবে। প্রসঙ্গক্রমে তিনি উল্লেখ করেন, জলবায়ুর অভিঘাত মোকাবেলার ক্ষেত্রে ভাল প্রকল্পের যথেষ্ট অভাব রয়েছে।
ড. আসাদুজ্জামান বলেন, স্থানীয় জনসাধারণের প্রয়োজন ও মতামতের ভিত্তিতে প্রকল্প প্রণয়ন করতে হবে। এখন আনুষ্ঠানিকতা সর্বস্ব মতামত নেয়া হয়। আমরা যদি আরও জলবায়ু তহবিল পেতে চাই তাহলে আগামী দুই থেকে তিন বছরের মধ্যে বেশকিছু প্রকল্প শেষ করতে হবে। এখন যেসব প্রকল্প আসছে সেসব জলবায়ু সংক্রান্ত। কিন্তু আমাদের উন্নয়নকে জলবায়ুর অভিঘাত থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। তিনি আরও বলেন, পরিকল্পনা কমিশন থেকে ত্যাজ্য অনেক প্রকল্প এখন জলবায়ু আওতায় চলে আসছে।
আলোচনায় মূল নিবন্ধ উপস্থাপন করেন জলবায়ু বিশেষজ্ঞ ড. আহসান উদ্দিন আহমেদ।