জেল হত্যা মামলার শুনানি ২৯ জানুয়ারি পর্যন্ত মুলতবি

ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে নিহত জাতীয় চার নেতা হত্যা মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি ২৯ জানুয়ারি পর্যন্ত মুলতবি করা হয়েছে। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চ বুধবার তৃতীয় দিনের শুনানি গ্রহণ শেষে এ আদেশ দেন। শুনানিতে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি এডভোকেট আনিসুল হক এ মামলার সাক্ষী কর্নেল (অব.) সাফায়েত জামিল, তত্কালীন পুলিশের বিশেষ শাখার উপ-মহাপরিদর্শক ই এ চৌধুরী এবং তদন্ত কর্মকর্তা আবদুল কাহহার আকন্দের সাক্ষ্য আদালতে উপস্থাপন করেন। এ সময় এটর্নি জেনারেল এডভোকেট মাহবুবে আলম ও আসামিপক্ষে ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন এবং নিহত জাতীয় চার নেতার একজন ক্যাপ্টেন এম মনসুর আলীর ছেলে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম আদালতে উপস্থিত ছিলেন। ১৯৭৫ সালের ৩ নভেম্বর রাতে ঢাকার কেন্দ ীয় কারাগারে জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এএইচএম কামরুজ্জামানকে হত্যা করা হয়।