মোহাম্মদপুরে শিশু গৃহকর্মী অগ্নিদগ্ধ
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০১৩, ২১:৫৩
রাজধানীর মোহাম্মদপুরে একটি বাসায় জেনারেটর থেকে লাগা আগুনে এক শিশু গৃহকর্মী অগ্নিদগ্ধ হয়েছে বলে দাবি করা হয়েছে। তার নাম হাসিনা খাতুন (১৫)। সে বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিত্সাধীন। চিকিত্সকরা জানিয়েছেন, তার শরীরের প্রায় ২৫ ভাগ পুড়ে গেছে। তবে আশঙ্কামুক্ত।
হাসপাতাল সূত্র জানায়, মোহাম্মদপুরের ৫/১ নম্বর গজনবী সড়কে একটি বাড়িতে হাসিনা গত তিন বছর ধরে গৃহকর্মীর কাজ করছে। গতকাল ভোরে ওই বাড়ির নিচতলার জেনারেটর রুমে হঠাত্ করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে হাসিনা অগ্নিদগ্ধ হয়। হাসিনার অভিযোগ, বাসার গৃহকর্ত্রী আসমা আফরোজা টিভি দেখা নিয়ে তাকে মারধর করত। এ জন্য সে গত বুধবার রাতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে নিচতলার জেনারেটর রুমে গিয়ে লুকিয়ে থাকে। রাতে সেখানেই ঘুমিয়ে পড়ে। এক পর্যায়ে ভোরের দিকে জেনারেটর থেকে লাগা আগুনে তার শরীরের কিছু অংশ পুড়ে যায়।
জানা গেছে, ওই বাসার গৃহকর্তা এল কে মুজাহিদী একটি বেসরকারি প্রতিষ্ঠানের উপদেষ্টা। অগ্নিদগ্ধ হাসিনার বাবার নাম খায়রুজ্জামান। গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জের চন্দ্রপাড়ায়।