দক্ষিণ আফ্রিকার বিরল এক জয়
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০১৩, ২১:৫৮
দক্ষিণ আফ্রিকা আফ্রিকান নেশন্স কাপে নয় বছরের মধ্যে প্রথম জয়ের দেখা পেল। গত বুধবার ডারবানে মোসেস মাভিন্দা স্টেডিয়ামে স্বাগতিক দেশটি ২-০ গোলে হারায় অ্যাঙ্গোলাকে। ‘এ’ গ্রুপের অপর ম্যাচে মরক্কো ও কেপ ভার্দে ১-১ গোলে ড্র করে।
বাফানা বাফানা নামে পরিচিত দক্ষিণ আফ্রিকা দল তিউনিসিয়ায় ২০০৪ সালে অনুষ্ঠিত নেশন্স কাপের খেলায় সর্বশেষ জিতেছিল বেনিনের বিপক্ষে। দক্ষিণ আফ্রিকার হয়ে গোল করেন সেন্টার ব্যাক সিয়াবোঙ্গা স্যাংউনি এবং বদলি স্ট্রাইকার লেহলোহোনোলোলো মাজোরো।
স্বাগতিকরা ১৯ জানুয়ারি উদ্বোধনী ম্যাচে গোলশূন্য ড্র করে কেপ ভার্দের সাথে। এদিন বেশ ভাল খেলেছে দক্ষিণ আফ্রিকা। দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে দক্ষিণ আফ্রিকা। কেপ ভার্দে দুই ম্যাচ খেলে উভয়টিতে ড্র করে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। মরক্কো সমান দুই পয়েন্ট নিয়ে আছে তিনে। গ্রুপে এখনো একটি করে খেলা বাকি।
আগের ম্যাচে খেলা দলটিতে এদিন পাঁচটি পরিবর্তন এনে মাঠে নামে দক্ষিণ আফ্রিকা। এই পরিবর্তনে ঢাকা পড়ে যায় প্রথম ম্যাচের বাজে পারফরমেন্স। যৌক্তিকভাবেই প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়েছিল দক্ষিণ আফ্রিকা। স্যাংউনি খেলার ৩০ মিনিটে গোল করেন। মাজোরো ব্যবধান দ্বিগুণ করেন ৬২ মিনিটে।
দক্ষিণ আফ্রিকার পরবর্তী প্রতিপক্ষ মরক্কো। এছাড়া ২৭ জানুয়ারি কেপ ভার্দে লড়বে অ্যাঙ্গোলার বিপক্ষে। আজ শুক্রবার গ্রুপ সি-তে বর্তমান চ্যাম্পিয়ন জাম্বিয়া সুপার ঈগল খ্যাত নাইজেরিয়ার মুখোমুখি হবে এবং বারকিনা ফাসো খেলবে ইথিওপিয়ার সাথে। আফ্রিকান নেশন্স কাপে চার গ্রুপ থেকে সেরা দুটি করে দল শেষ আটে যাবে।