মার্চের মধ্যে শর্ত পূরণ
করলে জিএসপি সুবিধা
থাকবে :মজীনা
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০১৩, ২২:৩০
মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, বাংলাদেশের গার্মেন্টস, জুতা, চামড়া, হিমায়িত মত্স্য, সফটওয়ার, সিরামিক এবং রেশম শিল্পে অনেক সম্ভাবনা রয়েছে। সুযোগ রয়েছে কৃষিতে বৈপ্লবিক উন্নতি সাধনের। বাংলাদেশ গার্মেন্টস রপ্তানির ক্ষেত্রে চীনকেও পেছনে ফেলতে পারে। তিনি বলেন, বাংলাদেশ বিভিন্ন শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় আমেরিকা তৈরি পোশাক আমদানির ক্ষেত্রে জিএসপি সুবিধা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। তবে এ সিদ্ধান্ত এখনও কার্যকর করা হয়নি। বাংলাদেশ সরকার ও শিল্প মালিকরা যদি মার্চের মধ্যে এই শর্তগুলো পূরণ করেন তাহলেই জিএসপি সুবিধা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। গত বুধবার রাতে মার্কিন রাষ্ট্রদূত হবিগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমেরিকায় ৫ লাখ বাংলাদেশি রয়েছেন। তারা যাতে মাতৃভূমির প্রতি আন্তরিক হন তার জন্য কাজ করা হচ্ছে। প্রবাসীরা যাতে দেশে দান এবং বিনিয়োগ করতে পারেন তার জন্য শীঘ্রই একটি কৌশল গ্রহণ করা হচ্ছে। মতবিনিময়কালে বক্তব্য রাখেন এডভোকেট মোঃ আবু জাহির এমপি, শেখ সুজাত মিয়া এমপি, জেলা পরিষদ প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী ও জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজমুদার। এর আগে ড্যান ডব্লিউ মজীনা নবীগঞ্জ উপজেলার বিবিয়ানা গ্যাসফিল্ড পরিদর্শন করেন।
এদিকে ড্যান মজীনা গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে মামনি প্রকল্প পরিদর্শন করেন। সারাদিন আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, বানিয়াচঙ্গ উপজেলার চানপাড়া কমিউনিটি ক্লিনিক ও জাতুকর্ণপাড়া কমিউনিটি ক্লিনিক সংলগ্ন শান্তিপাড়ায় কাছুম আলীর বাড়িতে কমিউনিটি গ্রুপের উঠান বৈঠক পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি তার সন্তুষ্টির কথা বলেন।