আন্তর্জাতিক আলোকচিত্র
উত্সবের উদ্বোধন আজ
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০১৩, ২২:৩০
দৃকের আয়োজনে বিশ্বের অন্যতম এবং এশিয়ার সর্ববৃহত্ আলোকচিত্র উত্সবের উদ্বোধন হচ্ছে আজ। চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের উত্সবেরর প্রতিপাদ্য হচ্ছে- ভঙ্গুরতা। দেশে দেশে যুদ্ধ, অস্থিরতা বিরাজ করছে। এতদিনের সমাজ যেন স্বার্থের কাছে ঠুনকো, ভঙ্গুর। এই ভঙ্গুর সমাজ থেকে মানবতার উত্থানের আহ্বান জানাচ্ছে এবারের ছবি মেলা। উত্সবের এই সপ্তম আয়োজনে বৈচিত্র্যময় ৩৫টি প্রদর্শনীতে বাংলাদেশের ৭ জন শিল্পীসহ মোট ২৪টি দেশের আলোকচিত্রীদের আলোকচিত্র কর্ম প্রদর্শিত হবে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৩০ জনের বেশি আন্তর্জাতিক সৃষ্টিশীল-আলোকচিত্রী, আলোকচিত্র-সাংবাদিকগণ ঢাকার আলোকচিত্রীদের সঙ্গে মিলিত হবেন এবং সমসাময়িক আলোকচিত্রকর্ম নিয়ে বিষয়ভিত্তিক আলোচনা এবং বিতর্কে অংশ নেবেন।
আজ শুক্রবার বিকাল চারটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে ছবি মেলা-৭ এর আনুষ্ঠানিক উদ্বোধন হবে। এর আগে বিকাল সাড়ে তিনটায় জাতীয় জাদুঘরের সামনে থেকে বের হবে বর্ণাঢ্য র্যালি, যা শিল্পকলা একাডেমীতে এসে শেষ হবে। ছবি মেলার প্রদর্শনী একযোগে চলবে আলিয়ঁস ফ্রসেস, বেঙ্গল গ্যালারি অফ ফাইন আর্টস, ছবির হাট, ঢাকা আর্ট সেন্টার, দৃক গ্যালারি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের লিচুতলায়। প্রদর্শনীর উদ্বোধন করবেন মেক্সিকোর আলোকচিত্রী গ্রািসয়েলা ইতুরবিদে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বের দু’জন আলোকচিত্রীকে উত্সবের পক্ষ থেকে আজীবন সম্মাননায় ভূষিত করা হবে। গ্যালারিগুলোর প্রদর্শনীর পাশাপাশি সর্বসাধারণের কাছে এই আলোকচিত্র উত্সব পৌঁছে দেয়ার জন্য রিকশাভ্যানে ভ্রাম্যমাণ প্রদর্শনী ঢাকা শহর ঘুরে বেড়াবে। উত্সব উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরে ধানমণ্ডির দৃক গ্যালারিতে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন উত্সব পরিচালক শহীদুল আলম, মেক্সিকোর আলোকচিত্রী গ্রািসয়েলা ইতুরবিদে, ভারতের পাবলো বার্থলোমিউ, চীনের ঝাং হাই এবং ছবি মেলার কিউরেটোরিয়াল ডিরেক্টর এএসএম রেজাউর রহমান।