আধা ঘণ্টায়ই সমাধান সম্ভব

সংবিধান সংশোধন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় :ড. কামাল

বর্তমান সংবিধানে দেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিশিষ্ট আইনজ্ঞ ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেছেন, গ্রহণযোগ্য নির্বাচন করতে চাইলে সংবিধান সংশোধন করতেই হবে। তত্ত্বাবধায়ক বা যে নামেই হোক নির্বাচনকালীন সরকার হতে হবে নির্দলীয়। সবার রাজনৈতিক সদিচ্ছা থাকলে এনিয়ে আলোচনায় বসলে আধাঘণ্টার মধ্যেই সমস্যার সমাধান সম্ভব। গতকাল বৃহস্পতিবার বিকালে গণফোরামের কেন্দ ীয় কমিটির এক বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে তিনি এই অভিমত ব্যক্ত করেন। বেইলি রোডে নিজ বাড়িতে আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে ড. কামাল জানান, সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীকে নিয়ে গত ২১ ডিসেম্বর তিনি যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন সেটির উদ্যোগে আগামী মার্চের শেষদিকে ঢাকায় একটি নাগরিক কনভেনশন আয়োজন করা হচ্ছে। তাতে সমমনা সকল রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনকে আমন্ত্রণ জানানো হবে। বিশেষ করে মহান মুক্তিযুদ্ধ ও ’৭২-এর সংবিধানের চেতনা সমুন্নত রাখতে, গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে, সংসদকে সত্যিকার অর্থে কার্যকর করতে এবং আগামীতে একটি গ্রহণযোগ্য সংসদ নির্বাচনের লক্ষ্যে নাগরিক ঐকমত্য সৃষ্টির প্রয়াস হিসাবেই এই কনভেনশন করা হচ্ছে। কনভেনশনে যে সব মতামত উঠে আসবে সেগুলোর সমন্বয়ে একটি প্রস্তাবনা তৈরি করে তা জাতির সামনে উপস্থাপন করা হবে। গণফোরাম সভাপতি বলেন, আমরা গণতন্ত্র চাই। মাইনাস টু এসব কথা আমি কখনও বলিনি। আমরা ’৭২-এর সংবিধানের লোক। কাজেই আমরা পুরনোতেই বিশ্বাসী, নতুন রাজনীতিতে নয়। গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, কেন্দ ী নেতা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সগীর আনোয়ার, নৃপেন ঘোষ প্রমুখ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন।