‘গ্রামীণ ব্যাংকের সঙ্গে গ্রামীণ টেলিকমের কোন সম্পর্ক বা চুক্তি নেই’

গ্রামীণ টেলিকমের কোম্পানি সচিব মো. নাজমুল ইসলাম গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছেন, গ্রামীণফোন থেকে গ্রামীণ টেলিকমের লভ্যাংশ পাওয়া সম্পর্কে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা আদৌ সঠিক নয়। বিবৃতিতে তিনি আরো বলেছেন, গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান মোজ্জাম্মেল হকের উদ্ধৃতি দিয়ে গত বুধবার ‘ড. ইউনূসই গ্রামীণ ব্যাংক ধ্বংস করেছেন’ শীর্ষক একটি সংবাদে উল্লেখ করা হয়েছে, গ্রামীণ টেলিকম গ্রামীণফোন থেকে ৩০ হাজার কোটি টাকা লভ্যাংশ পেয়েছে। এটা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যানের নিতান্তই ব্যক্তিগত ও কল্পনাপ্রসূত বক্তব্য। গ্রামীণফোন একটি পাবলিক লিমিটেড কোম্পানি এ পর্যন্ত ঘোষিত লভ্যাংশ তাদের বার্ষিক প্রতিবেদনে উল্লেখ রয়েছে। উল্লেখ্য যে, গ্রামীণ টেলিকম কোম্পানি আইনের ২৮ ধারায় লিমিটেড বাই গ্যারান্টি দ্বারা প্রতিষ্ঠিত একটি কোম্পানি। গ্রামীণ ব্যাংকের সাথে গ্রামীণ টেলিকমের কোন সম্পর্ক বা চুক্তি নেই। গ্রামীণ টেলিকমের অর্জিত লভ্যাংশ গ্রামীণ ব্যাংক পাবে তার কোন যুক্তিসঙ্গত কারণ নেই। উল্লেখ্য, গত বুধবার ড. ইউনূসই গ্রামীণ ব্যাংক ধ্বংস করেছেন শীর্ষক একটি সংবাদে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান মোজ্জাম্মেল হকের বরাতে এ তথ্য পরিবেশিত হয়।