কর্মী পাঠানোর নিবন্ধন প্রক্রিয়ায় মালয়েশিয়া সন্তুষ্ট

কর্মী পাঠানোর নিবন্ধন প্রক্রিয়ায় সন্তোষ প্রকাশ করেছে মালয়েশিয়া। ঢাকায় সফররত দেশটির ১৪ সদস্যের প্রতিনিধিদল সরকারকে তাদের এই সন্তুষ্টির কথা জানিয়েছে। প্রবাসী কল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান। যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক করতে গতকাল বুধবার রাতে প্রতিনিধি দলটি ঢাকায় এসেছেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি জেনারেল (পলিসি ও ইন্টারন্যাশনাল) মোহাম্মদ সাহার বিন দারুসমান। দেশটির শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মো. জেফরি জোয়াকিন, তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ডেপুটি আন্ডার সেক্রেটারি ইসহাক লেবেই, ব্যবস্থাপনা বিভাগের মুখ্য সচিব আতিয়া আজরিনা আমিরুলদিন, প্ল্যান্টেশন মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি রাজালি আব মালিকসহ দেশটির বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা এই দলে আছেন। প্রতিনিধিদল গতকাল সকালে স্বাস্থ্য পরীক্ষার বিষয়টি দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। দুপুরে তারা জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে (বিএমইটি) গিয়ে নিবন্ধন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত কথা বলেন। বিকেলে তারা প্রবাসী কল্যাণমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করেন। বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘স্বাস্থ্য পরীক্ষায় মোট ১৭টি বিষয় যাচাই করা হবে’। আগে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) স্বাস্থ্য পরীক্ষার কথা থাকলেও এখন প্রত্যেক জেলার সিভিল সার্জন কার্যালয়ে এই পরীক্ষা হবে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, প্রথম দফায় কর্মী পাঠানোর জন্য আমরা যাদের নির্বাচিত করেছি তাদের তালিকা মালয়েশিয়াকে দেয়া হবে। তারা সেটি যাচাই-বাছাই করবে। এরপরেই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে (টিটিসি) কর্মীদের ডাকা হবে। প্রতিনিধিদল আজ শুক্রবার ঢাকার একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে যাবেন। রাতের ফ্লাইটে তারা মালয়েশিয়া ফিরবেন।