বরিশালে টেন্ডার নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রায় ৩ কোটি টাকার ঠিকাদারি কাজের টেন্ডার নিয়ে গতকাল বৃহস্পতিবার ক্ষমতাসীন দলের দুগ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষে ৩ জন গুরুতর আহত হয়েছে। আহতরা হচ্ছে ছাত্রলীগ নেতা আরিফুর রহমান রনি, বনি ও যুবলীগ কর্মী মাসুদ। আহতদের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে মাসুদকে পুলিশ আটক করেছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ৪ গ্রুপে প্রায় তিন কোটি টাকার ৩৫২টি গভীর নলকূপ স্থাপনের ঠিকাদারি কাজের দরপত্র জমা দেয়ার গতকাল শেষদিনে আওয়ামী লীগ নেতা আনিছুর রহমান দুলাল, আব্দুল হালিম, জুয়েল, আরিফুর রহমান রনি গুচ্ছ প্রক্রিয়ায় কাজ বাগিয়ে নিতে কাউকে দরপত্র জমা দিতে দেয়নি। দুপুর ১টায় সেখানে দরপত্র জমা দিতে যায় সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল করিম বাপ্পি, ছাত্রলীগ কর্মী রেজভীসহ কয়েকজন। এ সময় উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে।