চাঁদপুরে যুদ্ধে বিধ্বস্ত ৪ সেতু নির্মিত হচ্ছে

মহান স্বাধীনতাযুদ্ধে বিধ্বস্ত চাঁদপুর-কুমিল্লা সড়কের ৩টি সেতু, মহামায়া বাজার সংলগ্ন একটি কালভার্ট ও চাঁদপুর-রায়পুর সড়কে ডাকাতিয়া নদীর উপর ভগ্ন বেইলী ব্রিজটি ভেঙ্গে নতুন ৪টি সেতু নির্মাণ করা হচ্ছে। সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে জাপানের জাইকা এসব সড়কগুলো নির্মাণে প্রায় ২৭ কোটি টাকা ব্যয় করছে। চাঁদপুর-কুমিল্লা সড়কে হাজীগঞ্জ বাজারে বোয়ালজুড়ি খালের উপর ৬৯ দশমিক ৭৫ মিটার দীর্ঘ এই সেতুটির কয়েকটি স্থান স্বাধীনতা যুদ্ধে পাকসেনারা ছিদ্র করে দিলে এত দিনে লোহারপাত বসিয়ে তার উপর দিয়ে বহু কষ্টে যানবাহন চলাচল করতো। একই অবস্থা বিরাজ করছিল মিঠানিয়া সেতু ও ঝমঝমিয়া সেতুর ক্ষেত্রে। তারপরও বিকল্প ব্যবস্থা না থাকায় যানবাহনগুলো এসব সেতুগুলোর উপর দিয়েই পারাপার হতো। অবশেষে জাপান সরকারের আর্থিক সহায়তায় এসব সেতু দ্রুত পুনঃনির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যে সেতুগুলোর কাজ অনেকটা এগিয়ে গেছে। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহের হোসেন আগামি জুন মাসের মধ্যেই কাজ শেষ করার আশাবাদ ব্যক্ত করেছেন। এ ৪টি সেতু নির্মাণ করা হলে চাঁদপুরের সড়ক যোগাযোগ ব্যবস্থায় দীর্ঘদিনের অনেক সমস্যার সমাধান হবে।