লক্ষ্মীপুরে সন্ত্রাসী বাহিনীর হাতে ৬ গ্রামের মানুষ জিম্মি

লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের ৬ গ্রামের মানুষ একটি সন্ত্রাসী বাহিনীর কাছে জিম্মি হয়ে পড়েছে। মোটা মাথা বাহিনী নামে পরিচিত ঐ বাহিনীর চাঁদাবাজি, নারী নির্যাতন ও সন্ত্রাসী কার্যকলাপে আতংকে দিন কাটাচ্ছে লক্ষ্মীপুর-নোয়াখালী সীমান্তবর্তী ওই অঞ্চলের মানুষ। নলডগী গ্রামের পোল্ট্রি ফার্ম ও গাড়ি ব্যবসায়ী সামছুল আলমের কাছে গত বুধবার ১ লাখ টাকা চাঁদা দাবি করে আলমগীর ওরফে মোটা মাথা বাহিনী। এ টাকা দিতে সে অস্বীকার করলে পরের দিন বৃহস্পতিবার এ বাহিনী ক্ষিপ্ত হয়ে তাকে প্রকাশ্যে মারধর করে। এছাড়া তাদের একটি পিকআপ ভাংচুর, নির্মাণাধীন বাড়ির কাজ ও এসএ পোল্ট্রি ফার্ম ব্যবসা বন্ধ করে দেয়। একই বাহিনী এর আগে সালিশের নাম ভাঙ্গিয়ে ঝাউডগী গ্রামের আরেক ব্যবসায়ী আতরেজ্জামানের কাছ থেকে ১৭ হাজার টাকা, হাবিবউল্যা মাঝি বাড়ির আবদুর রহিম থেকে ৩০ হাজার টাকা, আনোয়ার হোসেনের পুত্র কালা মিয়ার কাছ থেকে ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ বাহিনীর ভয়ে হাজীগঞ্জ বাজারের ওষুধ ব্যবসায়ী ডাঃ সৈয়দ হেলাল উদ্দিন ব্যবসা বন্ধ করে দিয়ে বর্তমানে মানবেতর জীবনযাপন করছে। এ ব্যাপারে মোটা মাথা আলমগীর হোসেন মোবাইল ফোনে জানান, আমি এ সব অপকর্মের সাথে জড়িত নই।