মিঠাপুকুরে ছাত্রী
ধর্ষণে মামলা
মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০১৩, ২০:৪৬
উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের এক কলেজ ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ করে তা ভিডিওর মাধ্যমে ক্যামেরায় ধারণ করে বাজারে ছেড়ে দেয় রব্বানী নামের এক বখাটে। ওই ধর্ষিতা কলেজছাত্রী বৃহস্পতিবার মিঠাপুকুর থানায় ধর্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
জানা গেছে, মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের আলীপুর গ্রামের এক দিনমজুরের কলেজ পড়ুয়া মেয়েকে (১৮) কলেজে আসা-যাওয়ার পথে বালুয়াপাড়ার আব্দুল ওহাবের বখাটে ছেলে গোলাম রব্বানী (২৭) প্রায়ই উত্ত্যক্ত করত। এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে বিভিন্ন হোটেল ও পিকনিক স্পটে নিয়ে তার সাথে দৈহিক মেলামেশাসহ গোপন ক্যামেরায় নগ্ন ভিডিও ধারণ করে রব্বানী। পরে ভিডিও চিত্রটি প্রকাশের ভয় দেখিয়ে ওই ছাত্রীকে ঢাকায় নিয়ে তিনদিন ধরে ধর্ষণ করে। মেয়েটি তাকে বিয়ে করার জন্য চাপ দিলে উল্টো ১০ হাজার টাকা দাবি করে ধারণকৃত নগ্ন ভিডিও ইন্টারনেটসহ বাজারে ছড়িয়ে দেয়ার হুমকি দেয় প্রতারক প্রেমিক। এরপর ধর্ষক রব্বানী ভিডিওটি বাজারে ছাড়ে।