‘এল ক্লাসিকো’র আগে বার্সেলোনার ছন্দে ফেরার লড়াই আজ
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০১৩, ২০:৪৯
আরেকটি ‘এল ক্লাসিকোর’ প্রাক্কালে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করা বার্সেলোনার লক্ষ্য এখন জয়ের ছন্দে ফেরা। কেননা গত শনিবার টিটো ভিলানোভার দলটিকে রিয়াল সোসিদাদ ৩-২ গোলে হারিয়ে মৌসুমের প্রথম পরাজয় উপহার দিয়েছিল। এ প্রেক্ষাপটেই স্পানিশ লিগে আজ রবিবার বার্সার প্রতিপক্ষ অস্তিত্বের লড়াইয়ের মধ্যে থাকা ওসাসুনা।
বার্সেলোনা মৌসুমের প্রথম অর্ধে কেবল দুই পয়েন্ট খুইয়ে দ্বিতীয়স্থানে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদের চাইতে আট পয়েন্টে এগিয়েছিল। বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ছিল দ্বিতীয় স্থানে থাকা দলটির চাইতে আরো সাত পয়েন্ট পেছনে থেকে তৃতীয়। কিন্তু গত সপ্তাহে দুই গোলে এগিয়ে থেকেও কাতালানরা হেরে যাওয়ায় ব্যাপারটি তাদের জন্য একটা সতর্ক সংকেত। কেননা এখনো লিগে ১৮টি খেলা আছে বার্সার।
লা লিগায় হারের পর অবশ্য বার্সা ঘুরে দাঁড়িয়ে গত বৃহস্পতিবার কোপা ডেল রে’র কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে মালাগাকে ৪-২ গোলে হারায়। এর সুবাদে সেমিফাইনালেই ঘটতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার লড়াই যা এল ক্লাসিকো নামেই পরিচিত। বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৩০ জানুয়ারি। নু ক্যাম্পে ফিরতি লেগের খেলাটি হবে ২৭ ফেব্রুয়ারি। অপর সেমিফাইনালে অ্যাথলেটিকো মাদ্রিদ কোপা ডেল রে’র সেমিফাইনালে লড়বে সেভিয়ার বিপক্ষে।
মাদ্রিদের দল দুটি ইতোমধ্যে লা লিগায় জয় পেয়ে ব্যবধান কমিয়ে এনেছে। কিন্তু হারিয়েছে দলের মুখ্য দুই খেলোয়াড় ইকার ক্যাসিয়াস এবং রাদামেল ফ্যালকাওকে। সদ্যই পিতা হওয়া বার্সেলোনার জেরার্ড পিকেও সোসিদাদের ম্যাচে লাল কার্ড পাওয়ায় আজ খেলতে পারবেন না।
অ্যাথলেটিকো মাদ্রিদ আজ খেলতে যাবে অ্যাথলেটিকো বিলবাওয়ের মাঠে। কিন্তু তাদের শীর্ষ গোলদাতা ফ্যালকাও গত রবিবার লেভান্তের ম্যাচে উরুর মাংসপেশিতে সমস্যা দেখা দেয়ায় খেলতে পারবেন না। কলম্বিয়ান স্ট্রাইকার ফ্যালকাও লিগে ১৮ গোল করে গোলদাতাদের তালিকায় দ্বিতীয়স্থানে রয়েছেন। ২৯ গোল করে শীর্ষে আছেন বার্সেলোনার লিওনেল মেসি। ফ্যালকাওকে আরো আরো দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে। তবে কোচ ডিয়েগো সিমোনে এ নিয়ে তেমন একটা চিন্তিত নন। তিনি বলেন, ‘সে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু দলে ডিয়েগো কস্টা, আদ্রিয়ান লোপেজ ও রাউল গার্সিয়া রয়েছেন। তারা আক্রমণভাগ সামলাবেন। তাছাড়া এরা ভাল খেলোয়াড়।’
রিয়াল মাদ্রিদও আজ মাঠে নামবে। তাদের বিপক্ষ প্রতিবেশী ক্লাব গেটাফে। দলটির অধিনায়ক ও গোলরক্ষক ক্যাসিয়াস কোপা ডেল রে’র খেলায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে খেলতে গিয়ে বাঁ হাতে মারাত্মকভাবে আঘাত পান। তার অস্ত্রোপচার লাগতে পারে এবং আট থেকে ১২ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। সামনে আবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে খেলা আছে রিয়াল মাদ্রিদের।
অ্যান্তোনিও আদান ক্যাসিয়াসের শূন্যতা পূরণের চেষ্টা করবেন। কাপে লাল কার্ড দেখেছিলেন ডিফেন্স সার্জিও র্যামোস। লিগে খেলতে পারবেন তিনি। তাই অ্যাঙ্গেল ডি মারিয়া ও ফ্যাবিও কন্ট্রেরো খেলবেন। কিন্তু সেন্টার হাফ পেপ খেলতে পারছেন না। সেক্ষেত্রে মরিনহোকে বেছে নিতে হবে রাফালে ভারনে অথবা রাউল আলবিওলকে র্যামোসের সঙ্গী হতে।