‘পদ্মভূষণ’ পেলেন রাহুল দ্রাবিড়

ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড় ‘পদ্মভূষণ’ পদক পেলেন। মর্যাদার বিচারে ভারতে বেসামরিক জনগণের জন্য এটাই তৃতীয় সর্বোচ্চ পদক। রাহুল ছাড়াও অলিম্পিক ব্রোঞ্জ পদক জয়ী এমসি মারেও এ পদক পান। রাহুল দ্রাবিড় পদক পাওয়ার প্রতিক্রিয়ায় বলেন, ‘এটা অনেক বড় সম্মানের ব্যাপার এবং এ পদক পেয়ে সত্যিই আমি গর্বিত। খেলোয়াড়ী জীবনের বিভিন্ন সময়ে স্বীকৃতি পেয়ে সত্যিই আমি ভাগ্যবান এবং এজন্য আমি কৃতজ্ঞ।’ দ্রাবিড় বলেন, ‘আমার পরিবার, বন্ধু-বান্ধব, বিভিন্ন সময়ে দলের সতীর্থ খেলোয়াড় এবং ক্রিকেট ভক্তদের সমর্থন এবং উদ্দীপনায়ই এটা সম্ভব হয়েছে।’ একজন ব্যাটসম্যান ও অধিনায়ক হিসাবে ভারতীয় দলের নেতৃত্ব দেয়া দ্রাবিড় গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। -বাসস