চট্টগ্রামেই রাজশাহী জয়ের
ধারায় ফিরবে:তামিম
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০১৩, ২১:০৪
খুলনার খেলা শেষে দুরন্ত রাজশাহী এখন চট্টগ্রামে। গত শুক্রবার চট্টগ্রামে এসে কাল শনিবার সকালে নগরীর মহিলা স্পোর্টস কমপ্লেক্সে অনুশীলন শুরু করে তারা। দুরন্ত রাজশাহীর অধিনায়ক তামিম ইকবালের নিজ শহর চট্টগ্রামে। টানা তিন ম্যাচ হারার পর এখান থেকে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করলেন রাজশাহীর এই অধিনায়ক। কাল অনুশীলন শেষে তামিম বলেন...
প্রশ্ন: নিজের শহরে বিপিএল, কেমন লাগছে?
তামিম: সাগরিকায় আমি প্রচুর আন্তর্জাতিক ম্যাচ খেলেছি। এম এ আজিজ স্টেডিয়ামে আমার ক্রিকেটের হাতে খড়ি, তবে এখানে এই লেবেলে ক্রিকেট খেলার সুযোগ কম পেয়েছি। খুব ভালো লাগছে, বাড়ীর কাছে মাঠে বিপিএল খেলবো। আমার বিশ্বাস দর্শকরাও বিপিএল উপভোগ করবে।
প্রশ্ন: গত তিন ম্যাচ হেরেছে আপনার দল।
তামিম: হেরে যাওয়া তিন ম্যাচের দিকে তাকান। খুলনার বিপক্ষে শেষ ম্যাচ ছাড়া বাকি ম্যাচগুলোতে আমরা ভালো ক্রিকেট খেলেছি। দলের খেলোয়াড়রা প্রচুর পরিশ্রম করছে, আমরাও নিজেদের সাধ্যমত খেলার চেষ্টা করছি। ইনশাআল্লাহ চট্টগ্রামে জয়ের ধারায় ফিরতে পারব।
প্রশ্ন: চট্টগ্রামে বিপিএল খেলা দেখতে দর্শক আসবে বলে মনে করেন?
তামিম: চট্টগ্রামে দর্শক আসার ব্যাপারে আমি আশাবাদী। তারা অবশ্যই ক্রিকেট ভালোবাসে। টিকিটের দাম কমেছে, তাছাড়া চট্টগ্রামের এই ভেন্যুটি শহরের প্রাণকেন্দ্রে। তাই এম এ আজিজ স্টেডিয়ামে প্রচুর দর্শক হবে। যারা এখনো সিদ্ধান্তহীনতায় ভুগছেন তাদেরকে আমি অনুরোধ করবো এই ভেন্যুতে এসে বিপিএলের খেলা দেখুন।