প্রথম টি-টোয়েন্টিতে হারল অজিরা

দেয়াল হয়ে দাঁড়িয়ে ছিলেন ডেভিড ওয়ার্নার। কিন্তু রক্ষা করতে পারেননি অস্ট্রেলিয়াকে। গতকাল শনিবার অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠেয় দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে তার দুর্দান্ত ৯০ রানের পরও জয় পেয়েছে শ্রীলংকা। তিশারা পেরেরা ও এঞ্জেলা ম্যাথুসের ঝড়ো ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে দেয় শ্রীলংকা। দলীয় ৫৩ রানে তিন টপ অর্ডার বিদায় নিলে বিপদে পড়ে অস্ট্রেলিয়া। সেখান থেকে দলকে টেনে তোলেন ওয়ার্নার। ৩৭ বলে অর্ধশতক হাঁকানো এই ব্যাটসম্যান তার ইনিংসে তিনটি ছয় ও পাঁচটি চার মেরেছেন। অ্যাডম ভোজেসের সাথে ওয়ার্নার ৮৪ রানের পার্টনারশীপ করেন বটে কিন্তু ইনিংসের শেষ বল পর্যন্ত টিকে থেকেও দশ রানের জন্য সেঞ্চুরি পাননি। দলকে এনে দিয়েছেন ১৩৭ রান। শ্রীলংকা ১৩৭ রানের মামুলি টার্গেটে ব্যাট চালিয়েও বিপদে পড়ে যায়। ৬৯ রানে চারটি উইকেট পড়ে যায় শ্রীলংকার। তারপরও লংকানরা লড়াই চালিয়ে গেলে শেষ পাঁচ ওভারে জয়ের জন্য প্রয়োজন হয় ৩৪ রান। ম্যাথুসের ঝড় ও পেরেরার দায়িত্বশীল ব্যাটিংয়ে এরপর সাত বল বাকি থাকতেই জয়ী হয় শ্রীলংকা। ১৮তম ওভারে পাঁচ বলে ম্যাথুস ও পেরেরা মিলে নিয়েছেন ১৮ রান! আগামীকাল দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজটি ২-২ ব্যবধানে ড্র হয়েছে। একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। এর আগে তিন ম্যাচের টেস্ট সিরিজটি স্বাগতিক অস্ট্রেলিয়া হোয়াইটওয়াশ করেছিল শ্রীলংকাকে। সংক্ষিপ্ত স্কোর অস্ট্রেলিয়া- ২০ ওভারে ১৩৭/৩ (ওয়ার্নার অপ: ৯০, ভোজেস অপ: ২৫, বেইলি ১১, পেরেরা ১/২৯, কুলাসেকারা ১/২১)। শ্রীলংকা- ১৮.৫ ওভারে ১৩৯/৫ (ম্যাথুয়েস অপ: ৩৫, কুশাল পেরেরা ৩৩, থ্রিমানি ২০, তিশারা পেরেরা ১৯, দিলশান ১৬, ম্যাক্সওয়েল ২/১৫, দোহার্টি ২/২১)। ম্যান অব দ্য ম্যাচ: ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)। ফল: শ্রীলংকা জয়ী ৫ উইকেটে। টি-টোয়েন্টি সিরিজ: দুই ম্যাচ সিরিজে শ্রীলংকা ১-০ এগিয়ে।