দক্ষিণ আফ্রিকার শ্বাসরুদ্ধকর জয়

সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথের সেঞ্চুরিতে গত শুক্রবার পচেফস্ট্রুমের সিনউইস পার্কে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে এক উইকেটের সান্ব্তনার জয় পায় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ব্রেন্ডন ম্যাককালামের নিউজিল্যান্ড আগের দুটি ওয়ানডে জিতে সিরিজ নিশ্চিত করে রেখেছিল। স্মিথের ক্যারিয়ারে এটি দশম সেঞ্চুরি (১১৬)। শেষ বলে দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য প্রয়োজন ছিল তিন রানের। অলরাউন্ডার রায়ান ম্যাকলরেন ছক্কা হাঁকিয়ে জয় তুলে নিলে সিরিজের ব্যবধান কমে আসে ২-১ এ। টস জিতে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড এর আগে নয় উইকেটে তুলেছিল ২৬০ রান। সমান উইকেটে হারিয়ে প্রোটিয়ারা জয় তুলে নেয় শ্বাসরুদ্ধকর ভাবে (২৬৪/৯)। স্মিথ যখন আউট হন সে সময় দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ২৬ বলে ৩২ রান। ১৩০ বলের মোকাবেলায় স্মিথের ইনিংসে ছিল ১৪টি চারের মার। ম্যাচ সেরা হন স্মিথ। ম্যাকলরেন ৫২ রানে চার উইকেট নেয়ার পাশাপাশি বিপদের মুহূর্তে ব্যাট হাতেও ২৪ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন উইকেটে। তবে ১১৬ রানের দারুন ইনিংসের কল্যানে ম্যাচসেরা হওয়ার দৌড়ে তাকে টপকে যান গ্রায়েম স্মিথ। নিউজিল্যান্ড গত ১৯ জানুয়ারি পার্লে প্রথম ওয়ানডেতে এক উইকেটে এবং ২২ জানুয়ারি কির্ম্বালিতে দ্বিতীয় ওয়ানডে ২৭ রানে জিতে ২-০ ব্যবধানে সিরিজে এগিয়েছিল।