বঙ্গভবনে মিলাদ মাহফিল
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০১৩, ২১:১৯
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে শুক্রবার বাদ আছর বঙ্গভবনে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন।
প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন, মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, প্রতিমন্ত্রী, সুপ্রিম কোর্টের বিচারপতি, তিন বাহিনীর প্রধান, ডিপ্লোমেটিক কোরের ডিন, মুসলিম দেশসমূহের রাষ্ট্রদূত, সংসদ সদস্য, রাজনৈতিক নেতা, বিশিস্ট আইনজীবী, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, নগরীর গণ্যমান্য ব্যক্তি, আলেম ওলামা, এতিম শিশু ও বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ মিলাদে অংশগ্রহণ করেন।
মিলাদ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারের শহীদ সদস্যগণ, জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধ ও বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের সকল শহীদ এবং রাষ্ট্রপতির পত্নী শহীদ আইভি রহমানের আত্মার মাগফেরাত কামনাসহ দেশ ও জাতির অব্যাহত অগ্রগতি ও কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।