গণমাধ্যম সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধন হিসাবে কাজ করে :তথ্যমন্ত্রী

তথ্য কোন পণ্য নয়, এটি সামাজিক চিন্তা। এ সামাজিক চিন্তাকে প্রচার করে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর সরকার ও জনগণের মধ্যে শক্তিশালী সেতুবন্ধন হিসেবে কাজ করে গণমাধ্যম। শুধু সংবাদ নয় নাটক বা চলচ্চিত্রও সামাজিক চিত্র তুলে ধরার মাধ্যমে মানুষকে প্রভাবিত করে। সার্বিকভাবে গণমাধ্যমকে যুগোপযোগী, বিনোদনমূলক ও অনুপ্রেরণাদায়ক করে গড়ে তোলার জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। কারণ পৃথিবী পরিবর্তনশীল। বৃহস্পতিবার কানাডিয়ান হাইকমিশন, কানাডিয়ান চেম্বার (ক্যানচ্যাম) ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এসব কথা বলেন। চলচ্চিত্র (ফিল্ম) উন্নয়নে সরকার নানাবিধ পদক্ষেপ নিয়েছে বলে তথ্যমন্ত্রী বলেন, ফিল্ম ইনস্টিটিউট করার জন্য একটি আইন পাস হয়েছে। আগামী তিন মাসের মধ্যে একটি স্বতন্ত্র ইনস্টিটিউট তৈরির করা হবে। এ ইনস্টিটিউটের জন্য প্রাথমিক কাজ জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে (নিমকো) করা হচ্ছে। এছাড়া একমাত্র রাষ্ট্রীয় চলচ্চিত্র প্রতিষ্ঠান এফডিসিতে একটি কমপ্লেক্স করা হবে। অন্যদিকে ঢাকার পার্শ্ববর্তী কবিরপুরে একটি ফিল্ম সিটি করা হবে বলেও জানান তথ্যমন্ত্রী। সমগ্র জাতির পরিবর্তনের জন্য গণমাধ্যম প্রধান ভূমিকা পালন করে বলে উল্লেখ করেন বক্তরা। তারা বলেন, চলচ্চিত্র শুধু আনন্দ উপভোগের জন্য নয়। এটা অনুপ্রেরণাদায়কও বটে।