ইডেন কলেজ ছাত্রীকে এসিড নিক্ষেপকারী মনির রিমান্ডে
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০১৩, ২১:২৩
ইডেন মহিলা কলেজের ছাত্রী আঁঁখিকে এসিড ছোঁড়ার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি মনির হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিয়েছে পুলিশ । মহানগর গোয়েন্দা পুলিশ শুক্রবার ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে তাকে ঢাকা মুখ্য নগর হাকিমের আদালতে পাঠায়। শুনানি শেষে আদালত ৯ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ডিবির জিজ্ঞাসাবাদে মনির জানিয়েছেন, আঁখির সাথে তার দুই-তিন বছরের পরিচয় ও বিয়ে হয় । আর গত ছয়-সাত মাস আগে তাদের ডিভোর্স হয়। এরপর ঘটনার দিন ১৫ জানুয়ারি আলোচনার কথা বলে আঁঁখিকে তিনি চাঁনখারপুলে কাজি অফিসে নিয়ে যান। সেখানে আবার বিয়ে করতে রাজি না হওয়ায় তিনি তার গায়ে এসিড ছুঁড়ে দেন। তবে মনিরের এ বক্তব্য প্রত্যাখ্যান করেছে আঁঁখির পরিবার।
এসিডে আঁঁখির মুখ ও ডান হাত দগ্ধ হয়েছে। তার হাতে, পায়ে ও পিঠে ছুরিকাঘাতের মোট পাঁচটি চিহ্ন পেয়েছে পুলিশ। তিনি এখন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি।
গত বৃহস্পতিবার সকালে রাঙামাটির বরকল উপজেলার কুরকুটিছড়া এলাকা থেকে মনির হোসেনকে আটক করেন আনসার সদস্যরা।