র্যাব ও ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই

র্যাব ও ডিবি পুলিশ সদস্য পরিচয়ে ছিনতাইয়ে জড়িত ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত প্রায় ৪১ লাখ টাকা। মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম বৃহস্পতিবার রাজধানীর উত্তরা, গাজীপুর, আশুলিয়াসহ কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে:দলনেতা আরিফুজ্জামান খান শরিফ, তুহিনুর ইসলাম বাদল, আবু সাঈদ, সেলিম, শাহজাহান মোল্লা, বিভাষ মণ্ডল রঞ্জন ও আক্তারুজ্জামান লিটন। ডিবি পরিদর্শক মাহবুব উর রশীদ জানান, গত ১০ জানুয়ারি আজমত গ্রুপের জেড থ্রি কম্পোজিট নিটওয়ার্ক লিমিটেডের শ্রমিকদের বেতনের এক কোটি আট লক্ষ টাকা প্রতিষ্ঠানটির মালিকের রাজধানীর গুলশানের বাসা থেকে নিয়ে কোম্পানির দুইজন কর্মকর্তা একটি মাইক্রোবাসে করে কারখানায় যাচ্ছিলেন। দুপুর দেড়টার দিকে শ্রী খণ্ডিয়া এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা গাড়ির গতিরোধ করে ওয়্যারলেস সেট ও হ্যান্ডকাপ দেখিয়ে নিজেদের র্যাবের কর্মকর্তা পরিচয় দিয়ে তল্লাশি করার নামে মাইক্রোবাসে ওঠে। এরপর কোম্পানির কর্মকর্তাদের জিম্মি করে টাকার ব্যাগ নিয়ে নেয়। পরে তাদের নামিয়ে দেয় তুরাগ এলাকায় একটি নির্জন স্থানে। একইভাবে ঘটনার একমাস আগে আশুলিয়ার জিরাবো এলাকা থেকে তিনজন ঝুট ব্যবসায়ীর কাছ থেকে ছিনতাই করে ৫ লাখ ৩০ হাজার টাকা। এছাড়াও কয়েকদিন আগে জিরাবো এলাকায় একজন মহিলা পথচারীর কাছে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে জাল টাকার কথা বলে তার কাছে থাকা ৬০ হাজার টাকা নিয়ে যায়। তিনি বলেন, গ্রেফতারকৃতদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।