সিদ্ধিরগঞ্জে পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড
নারায়ণগঞ্জ প্রতিনিধি ও সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০১৩, ২১:৫৩
সিদ্ধিরগঞ্জে একটি পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বিপুল পরিমাণ মজুদ পাট পুড়ে গেছে। গতকাল শনিবার সকাল পৌনে ১০টায় গোদনাইল পানিরকল এলাকায় অবস্থিত বাংলাদেশ সমবায় শিল্প সংস্থার গুদামে উষা জুট স্পিনার লিঃ এর রক্ষিত পাটে আকস্মিকভাবে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট বেলা ৩টা পর্যন্ত চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরপরও ভেতরে ধিকি ধিকি আগুন জ্বলছিল। অভিযোগ পাওয়া গেছে, আগুন লাগার ছবি তুলতে গেলে ইলেক্ট্রনিক মিডিয়ার দুই সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে শিল্প সংস্থার লোকজন। এ ঘটনায় পুুলিশ একজনকে গ্রেফতার করেছে। মালিকপক্ষ ক্ষয়ক্ষতির পরিমাণ ৫ কোটি টাকা হবে বলে দাবি করেছে।
জানা যায়, কুমিল্লার ঊষা জুট স্পিনার মিলস্ লিঃ কর্তৃপক্ষ সিদ্ধিরগঞ্জের গোদনাইল পানিরকল এলাকায় বাংলাদেশ সমবায় শিল্প সংস্থার ৬টি গুদাম ভাড়া নিয়ে তাদের পাট মজুদ রাখে। ঊষা স্পিনার মিলস্ লিঃ এর ব্যবস্থাপক (প্রশাসন) আনোয়ার হোসেন ইত্তেফাককে জানান, গুদামে প্রায় ২৫ হাজার মণ পাট ছিল। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা। তিনি আরও জানান, গুদামের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তার থেকে পাটের গুদামে আগুন লাগতে পারে। হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আঃ রাজ্জাক জানান, গুদামে নিয়ম অনুসারে পাট রাখা হয়নি। কারণ পাট রাখার ক্ষেত্রে গুদামের চারদিকে ৩ থেকে ৪ ফুট খালি রাখতে হয়। খালি জায়গা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় বেশি লাগায় ক্ষয়ক্ষতির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তিনি আরও জানান, পাটের গুদামের নিচে পানির লাইন রাখার নিয়ম থাকলেও এখানে তা রাখা হয়নি। এদিকে আগুনের ছবি তুলতে গেলে সমবায় শিল্প সংস্থার হিসাব কর্মকর্তা মনিরুজ্জামান নয়ন ও তার লোকজন মাছরাঙা টেলিভিশনের স্থানীয় ক্যামেরাম্যান রুবেল ও একই টেলিভিশনের নারায়ণগঞ্জ প্রতিনিধি আনিসুর রহমান জুয়েলকে মারধর করে। এ ঘটনায় সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করে এবং সমবায় সংস্থার কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ করলে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ সংস্থার ১ জনকে গ্রেফতার করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নেভানোর কাজ চলছে। এলাকাটি র্যাব ও পুলিশ ঘিরে রেখেছে।
এদিকে শনিবার সকাল ৭টায় সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় একটি মশার কয়েল ফ্যাক্টরীতে আগুন লেগে ৫ লাখ টাকার মালামাল পুড়ে যায়। হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আঃ রাজ্জাক জানান, কদমতলীর মোহাম্মদ আলীর সেমিপাকা মশার কয়েল ফ্যাক্টরীতে আগুন লাগে।