ভোমরা দিয়ে ৮ দিন ধরে
আমদানি-রপ্তানি বন্ধ
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০১৩, ২২:০২
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের জিরো পয়েন্টে বাংলাদেশ ভারতের সীমানা নির্ধারণকারী সেতু দিয়ে পণ্যবাহী ১০ চাকার ট্রাক চলাচল করতে না দেয়ার প্রতিবাদে ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও ভোমরা সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের ডাকা ধর্মঘটের কারণে গত শনিবার থেকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে আছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের এই ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানা গেছে। অব্যাহত ধর্মঘটের কারণে বাংলাদেশ সরকার গত ৬ দিনে প্রায় ১০ কোটি টাকার রাজস্ব হারিয়েছে আর ভারত সরকার হারিয়েছে সাড়ে চার কোটি রুপি। এছাড়া এ বন্দরের আমদানি ও রপ্তানিকারক, গাড়িচালক, শ্রমিক ও বন্দর ব্যবহারকারীসহ এর সাথে সংশ্লিষ্ট প্রায় ১০ হাজার মানুষ বেকার হয়ে পড়ায় তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গা ইমিগ্রেশন চেকপোস্টে প্রবেশ করার মুখের পাকা ব্রিজটি ঝুঁকিপূর্ণ থাকায় প্রায় মাস দুয়েক আগে ভারতের প্রশাসন সেটি দিয়ে পণ্যবাহী ১০ চাকার ট্রাক চলাচল বন্ধ করে দেয়। এর ফলে ভারতের বিভিন্ন অঞ্চল থেকে আসা পণ্যবাহী ১০ চাকার ট্রাক ঘোজাডাঙ্গা পাকা ব্রিজের কাছে পৌঁছানোর পর মালামাল আনলোড করে অন্য দুটি গাড়িতে উঠাতে হয়। বন্দরের খুব কাছাকাছি এসে গাড়ি পরিবর্তন করায় মালামালের ক্ষতি হয়। এতে করে ব্যবসায়ীরা যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তেমনি সময়ও লেগে যাচ্ছে অনেক বেশি।
সম্প্রতি ব্রিজটি সংস্কার করে সব ধরনের পণ্যবাহী ট্রাক চলাচলের উপযোগী করা হয়েছে। একটি দায়িত্বশীল সূত্রে জানা যায় ব্রিজটি মেরামত হওয়ার পর ভারতের কেন্দ্রীয় সরকার সেটি ব্যবহারের অনুমতি দিলেও পশ্চিমবঙ্গ সরকারের অনুমতি না মেলায় এ অচলাবস্থার সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রশাসনের নির্দেশ বলবত্ থাকায় ব্যবসায়ীরা সেটি ব্যবহার করতে পারছেন না।