পরিবেশ ও প্রকৃতির প্রতি ভালোবাসা থেকে সমাজ ও রাষ্ট্রের সৃষ্টি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে পাখিমেলা। বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ এ মেলার আয়োজন করে। মেলার উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এসময় তিনি বলেন, মানুষ স্বভাবতই পরিবেশ ও প্রকৃতিপ্রেমী। পরিবেশ ও প্রকৃতির প্রতি ভালোবাসা থেকে সমাজ এবং রাষ্ট্রের সৃষ্টি। বন্যপ্রাণি, পাখি আমাদের পরিবেশ ও প্রকৃতিকে রক্ষা করছে। এ জন্য পরিবেশকে বাঁচাতে পশু-পাখিকে ভালোবাসতে হবে। উদ্বোধনী অনুষ্ঠানে ভিসি অধ্যাপক মো. আনোয়ার হোসেন বলেন, ক্যাম্পাসে পাখির বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা হয়েছে। জলাশয়গুলো রক্তশাপলা এবং পাখির খাদ্য জলজ উদ্ভিদে ভরে গেছে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রোভিসি অধ্যাপক মো. ফরহাদ হোসেন, বন বিভাগের কর্মকর্তা তপন কুমার দে, বিশিষ্ট পাখি বিশারদ ইনাম আল হক, ইশতিয়াক সোবহান, ড. রোল্যান্ড হালদার প্রমুখ। প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক সাজেদা বেগমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মেলার আহ্বায়ক অধ্যাপক মোস্তফা ফিরোজ। অনুষ্ঠান পরিচালনা করেন মেলার মডারেটর অধ্যাপক এটিএম আতিকুর রহমান। পাখিমেলা উদ্বোধনের পর তথ্যমন্ত্রী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ওয়েব সাইট উদ্বোধন করেন। দিনব্যাপী অনুষ্ঠিত পাখিমেলায় ছোটদের পাখি বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কুইজ, বই-পোস্টার প্রদর্শনী, সংরক্ষিত বিভিন্ন প্রজাতির পাখি, পাখি দেখা, পাখি চেনার প্রতিযোগিতা, পাখি বিষয়ক বিতর্ক ও আলোচনা অনুষ্ঠিত হয়।