মিসরে স্টেডিয়ামে দাঙ্গার দায়ে ২১ জনের মৃত্যুদণ্ড

মিসরে গত বছর একটি স্টেডিয়ামে সংঘর্ষের ঘটনায় দায়ী ২১ জনকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে দেশটির একটি আদালত। গতকাল শনিবার আদালত এই রায় দেয়ার পর পোর্ট সৈয়দে ফুটবল সমর্থকরা বিক্ষোভে ফেটে পড়ে। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত হয়েছে ২৭ জন। গত বছর সংঘর্ষের ওই ঘটনায় ৭৪ জন নিহত হয়েছিল। এদিকে দেশটির সাবেক প্রেসিডেন্ট মোবারকের পতনের দুই বছর পূর্তিতে গত শুক্রবার দেশের বিভিন্ন স্থানে মিছিল ও সমাবেশ হয়েছে। খবর বিবিসির। গতকাল কায়রোর আদালতের রায় শোনার পর পোর্ট সৈয়দ শহরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর দুইজনসহ ২২ জন নিহত হয়। বিক্ষোভ থামাতে শহরের রাস্তায় সেনাবাহিনী নিয়োগ করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। গত বছর ১ ফেব্রুয়ারি পোর্ট সৈয়দের একটি স্টেডিয়ামে খেলার পর দাঙ্গা ছড়িয়ে পড়েছিল। এ ঘটনায় জড়িত ৭৩ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। কায়রোর আল আহলি ও পোর্ট সৈয়দের আল মাশরি ক্লাবের খেলা শেষ হওয়ার পর ওই সংঘর্ষের ঘটনা ঘটেছিল। খেলা শেষে আল মাশরি ক্লাবের সমর্থকরা স্টেডিয়ামের দখল নিয়ে মারামারি শুরু করলে আতঙ্কিত দর্শকরা হুড়োহুড়ি করে স্টেডিয়াম থেকে বের হওয়ার সময় পদদলিত হয়ে অনেক লোকের মৃত্যু হয়। রায়ের খবরে নিহতের স্বজনরা আনন্দ-উল্লাস করে। মৃত্যুদণ্ডের এ রায় মিসরের সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষের পর্যালোচনার জন্য পাঠিয়েছে আদালত। মিসরের সব মৃত্যুদণ্ডের রায় সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষের পর্যালোচনার মধ্য দিয়ে যেতে হয়। আল আহলি ক্লাবের সমর্থক যারা ‘আল্ট্রাস’ নামে পরিচিত তারা মোবারকের বিরুদ্ধে ব্যাপক আন্দোলন গড়ে তুলেছিল। আদালতের বিচারক বলেছেন, বাকি আসামিদের বিরুদ্ধে রায় দেয়া হবে আগামী ৯ মার্চ। এদিকে মোবারকের পতনের দুই বছর পূর্তি উপলক্ষে শুক্রবার এবং গতকাল কায়রো, সুয়েজ এবং আলেকজান্দ্রিয়ায় বহু লোক বিক্ষোভ করে। দেশটির ২৭টি প্রদেশের মধ্যে ১২টি প্রদেশে বিক্ষোভ সমাবেশ করে। শুক্রবার সুয়েজে সংঘর্ষে ৬ জন নিহত হয়। ইসমাইলিয়ায় ক্ষমতাসীন ফ্রিডম এন্ড জাস্টিস পার্টির অফিসে আগুন ধরিয়ে দেয়া হয় ও গভর্নরের অফিস ভাংচুর করা হয়। গতকাল সুয়েজে সেনাবাহিনী নামানো হয়।