বাকশালের চেয়ে নিকৃষ্ট বর্তমান সরকারের শাসন : মওদুদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, বর্তমান সরকারের শাসনামল বাকশালের চেয়েও নিকৃষ্ট। তখন বাকশাল আইন করে তারা দেশে একদলীয় শাসন চালিয়েছিল। এখন যে শাসন চলছে, এর কোনো সংজ্ঞা নেই। ভোটের অধিকার রক্ষার চলমান আন্দোলনে জনগণের বিজয় আসবেই। আন্দোলনে নানা স্তর থাকে। উপযুক্ত সময়ে উপযুক্ত কর্মসূচি দেয়া হবে, সেই কর্মসূচি হবে কঠোর। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ব্যারিস্টার মওদুদ বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ‘মিথ্যা’ মামলায় কারাবন্দি করে রাখা হয়েছে। উচ্চতর আদালত জামিন দিলেও অন্য মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে হয়রানি করা হচ্ছে। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে তাদের কার্যালয়ে ‘অবরুদ্ধ’ করে রেখেছে পুলিশ। বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিলের সভাপতি এম এ হালিমের সভাপতিত্বে সভায় যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন। সংকটের সমাধান তত্ত্বাবধায়ক : মোশাররফ গতকাল শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে জিয়া নাগরিক ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আগামী জাতীয় নির্বাচন অনিশ্চিত হওয়ায় রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে। এ সংকট নিরসনের একমাত্র পথ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল। এটা করা না হলে রাজনৈতিক অস্থিরতা সংঘাতে রূপ নিতে পারে। এই ইসির অধীনে নির্বাচন নয় :হান্নান শাহ গতকাল রাজধানীর তেজগাঁওস্থ বিজিপ্রেস তেজগাঁও উচ্চ বিদ্যালয়ের সামনে দুস্থ-অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ. স. ম হান্নান শাহ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে বিএনপির অংশগ্রহণ তো দূরের কথা, জনগণ ঐ নির্বাচনই হতে দেবে না। এছাড়া কোনো ষড়যন্ত্র বা নীলনকশার নির্বাচনও জনগণ মেনে নেবে না। আগামী নির্বাচন নির্দলীয় সরকারের অধীনেই হতে হবে, অন্য কোন ব্যবস্থায় নয়।