রিমেক হচ্ছে সালমান শাহ ও মৌসুমীর ‘অন্তরে অন্তরে’
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০১৩, ২০:০০
এক সময়ের এ দেশের চলচ্চিত্র শিল্পের সেরা জুটি সালমান শাহ ও মৌসুমী অভিনীত নব্বই দশকের বহুল আলোচিত চলচ্চিত্র ‘অন্তরে অন্তরে’ ছবিটি এবার রিমেক হতে যাচ্ছে। ছবিটি পরিচালনা করেছিলেন শিবলী সাদিক। এবার ছবিটি পরিচালনা করতে যাচ্ছেন তরুণ নির্মাতা আতিক রহমান। এই রিমেকটি এখনকার সময়ের সাথে তাল মিলিয়ে নির্মাণ করা হচ্ছে বলে পরিচালক জানান। পরিচালক বলেন, ‘এখনও এই গল্পের চিত্রনাট্যের কাজ চলছে। তখনকার সেরা এই জুটিদের ছবিটি নির্মাণ করতে যাচ্ছি, তার উপরে সালমান শাহ’র মতো একজন নায়কের ছবি। তাই ভাবনার অনেক কিছু আছে। এখনও এই গল্পের নায়কও ঠিক হয়নি। সালমান শাহ’র মর্যাদাটা সঠিকভাবে উপস্থাপন যার মাধ্যমে সম্ভব হবে তাকেই এই ফিল্মের হিরো করা হবে। এটা নিয়ে এখনও কাজ চলছে। বলতে গেলে এখনও তেমন কোনো কাস্টিংই কমপ্লিট হয়নি।’ উল্লেখ্য, এই ছবিটির মধ্য দিয়েই বাংলাদেশে সালমান শাহ-মৌসুমী জুটির কোনো ছবি প্রথমবারের মতো রিমেক হতে যাচ্ছে। আগামী মার্চের মাঝামাঝি সময়েই ছবিটির শুটিং হবে বলে জানিয়েছেন পরিচালক। সেন্ট মার্টিন দ্বীপ ও টাঙ্গাইলের জমিদার বাড়িতে এই ছবির শুটিং হবে। এরই মধ্যে ছবিটির কপি রাইটও ক্রয় করা হয়ে গেছে। সেই ছবির গানগুলোই ব্যবহার করা হচ্ছে এবারের রিমেকে।