রি-রোলিং ও স্টীল শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতা কামনা

রি-রোলিং ও স্টউল শিল্পের সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে এফবিসিসিআই’র সহযোগিতা চেয়েছে রি-রোলিং ও স্টীল মিলের তিনটি সংগঠন। দেশের অর্থনৈতিক অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখলেও রি-রোলিং ও স্টীল শিল্পখাতের পরিবেশ, বানিজ্য, বিএসটিআই, আইন-শৃংখলা পরিস্থিতি, ব্যাংকিং, মূসক ও অন্যান্য কর সম্পর্কিত সমস্যা সহ বিভিন্ন সমস্যা রয়েছে। এসব সমস্যা সমাধানের জন্যই এফবিসিসিআই’র সহযোগিতা চাওয়া হয়েছে । গতকাল এফবিসিসিআই’র সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে এসব সহযোগিতা চেয়েছে রি-রোলিং ও স্টীল শিল্পের উদ্যোক্তারা। এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, প্রথম সহ-সভাপতি মনোয়ারা হাকিম আলী, বাংলাদেশ রি-রোলিং মিলস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও এফবিসিসিআই’র প্রাক্তন প্রথম সহ-সভাপতি মোহাম্মদ আলী, বাংলাদেশ স্টীল মিলস ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শেখ ফজলুর রহমান বকুল ও বাংলাদেশ অটো-রি-রোলিং অ্যান্ড স্টীল মিলস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শেখ মাসাদুল আলম মাসুদসহ অনেকেই উপস্থিত ছিলেন।