শিল্প উন্নয়নে দীর্ঘমেয়াদী শুল্কনীতি জরুরি
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০১৩, ২০:২১
দেশের শিল্প উন্নয়নের জন্য গ্যাস, বিদ্যুতের তীব্র সঙ্কট নিরসনের পাশাপাশি দীর্ঘমেয়াদী শুল্কনীতি প্রণয়ন করা প্রয়োজন বলে মনে করেন ব্যবসায়ীরা। প্রতি বছর বাজেটের সময় কি ধরনের শুল্ক বসানো হবে বা কোন খাতে শুল্ক কমানো হবে এ নিয়ে ব্যবসায়ীরা উদ্বিগ্ন হয়ে পড়েন। ৫-১০ বছরের জন্য শুল্কনীতি প্রণয়ন করা হলে প্রতিবছর বাজেটের সময় চিন্তিত হতে হবে না। এতে ব্যবসায়িক সিদ্ধান্ত নেয়াও সহজ হবে। একই সঙ্গে দেশে বিনিয়োগের পরিবেশও তৈরি হবে। গত শুক্রবার রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান সাংবাদিকদের এসব কথা বলেন। এদিন সাংবাদিকদের নিয়ে তিনি ময়মনসিংহের ভালুকায় অবস্থিত রানার অটোমোবাইলের কারখানা পরিদর্শন করেন। কারখানা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রানার অটোমোবাইলের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শফিকুজ্জামান (অব.), ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মোস্তাক হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
২০০৭ সালে ময়মনসিংহের ভালুকায় রানার বাংলাদেশে প্রথম মোটরসাইকেলের কম্পোনেন্টস তৈরির মাধ্যমে স্থানীয়ভাবে মোটরসাইকেল উত্পাদন শুরু করে। এরপর ২০১১ সালে রানার পানচিং, ওয়েল্ডিং, পেইন্টিং, এসেম্বলিং, টেস্টিং ইত্যাদি মেশিনারিজ স্থাপনের মাধ্যমে মোটরসাইকেল উত্পাদনকারী হিসেবে সরকারি অনুমোদন পায়।