জগন্নাথপুরের ২০ নদীতে পানি কমায় নৌ-চলাচল ব্যাহত
জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০১৩, ২১:২৫
উপজেলার হাওর এলাকায় প্রবাহিত নলজুর নদীসহ প্রায় ২০টি নদীতে পলির উপর পলি পড়ে ভরাট হয়ে যাওয়ায় নৌ-চলাচল ব্যাহতসহ বোরো জমিতে সেচ কাজ নিয়ে দুর্ভোগে পড়েছেন কৃষকরা। উপজেলা সে্রাতস্বিনী নলজুর নদীর প্রায় ৩/৪ কিলোমিটার এলাকাজুড়ে চর জেগে ওঠায় নদীটি এখন মরা খালে পরিণত হয়েছে। হেমন্তের শুরুতেই নদীগুলো শুকিয়ে যাওয়ায় উপজেলা সদরের সাথে ভাটি অঞ্চলের জনসাধারণ নদীপথে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। সুরমা ও কুশিয়ারা নদীর সংযোগ নলুয়া, ফেনী, ডালিয়া, ডাউকা, কাঞ্চন, কামারখাল, কাঠালিয়া, ইটাখলা, বাবলা, ফেরী, বিবিয়ানা, গুলমা, বেরী, মাগুরা, সাফকা, লামাগাং, নয়াধলা, হিলুচিয়া ও রত্না নদীসহ ছোট-বড় প্রায় ২০টি নদী ক্রমান্বয়ে শুকিয়ে যাচ্ছে। বোরো জমিতে সেচের জন্য কৃষকরা পানি না পেয়ে শত শত একর জমিতে চাষাবাদ করতে পারছেন না। নদীগুলোতে অসংখ্য চর জেগে ওঠায় নৌ-পরিবহনে অচলাবস্থার কারণে উপজেলার জগন্নাথপুর বাজার, শিবগঞ্জ বাজার, রসুলগঞ্জ বাজার, কলকলিয়া বাজার, স্বাধীন বাজারসহ প্রসিদ্ধ ব্যবসা কেন্দ্রে স্থবিরতা দেখা দিয়েছে।