কিশোরগঞ্জে নরসুন্দা নদী খনন শুরু
হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০১৩, ২১:২৬
ঐতিহ্যবাহী নরসুন্দা খনন কাজ শুরু হয়েছে। পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে জন্ম হয়ে হোসেনপুর উপজেলার দক্ষিণ সীমান্ত কাওনা ব্রিজের নীচ দিয়ে প্রবাহিত নরসুন্দা নদী কিশোরগঞ্জ শহরের উপর সিদ্ধেশ্বরী বাড়ি এবং নীলগঞ্জ হয়ে ধনু নদীতে মিলিত হয়। এককালে এ নদী দিয়ে পালতোলা নৌকা চলাচল করত। এ নদী পথেই বিভিন্ন পণ্যসামগ্রী কিশোরগঞ্জ শহরে আনা-নেয়া হত।
জনশ্রুতি আছে, বাংলার বার ভুইয়াদের রাজধানী কিশোরগঞ্জের জঙ্গলবাড়ী থেকে ঈশাখাঁ নরসুন্দার পাড় ঘেঁষে পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর নামক স্থানে সেনাপতি মানসিংহের সাথে যুদ্ধে অবতীর্ণ হন। পুঁথি সাহিত্যিক মুন্সী আ:রহিম তার গাজী কালু চম্পাবতী পুঁথিতে নরসুন্দা নদীর পূর্ব নাম সুরসন্দা উল্লেখ করেছেন। মিডিয়া জগতে নরসুন্দা নামানুসারে কিশোরগঞ্জ থেকে সাপ্তাহিক নরসুন্দা ও নরসুন্দা পাড়ের কথা প্রকাশিত হয়। ঐতিহাসিকরা মনে করেন ইংরেজ আমলে বন্যা দেখা দিলে নদীর দুই ধার ভেঙ্গে কিছুটা ভরাট হয়ে যায়। পরবর্তীতে ব্রহ্মপুত্র নদের উজান থেকে পাহাড়ী ঢল ও স্রোতের সাথে মাটি ও বালি প্রবাহিত হয়ে গত শতাব্দীতে পুরো নদী ভরাট হয়ে খালে পরিণত হয়। এদিকে নরসুন্দা নদী বাঁচাও আন্দোলনের অন্যতম নেতা অধ্যাপক শরীফ সাদী প্রমুখ অবৈধ দখলীয় উচ্ছেদে কয়েকবার মানববন্ধন ও লেখালেখি করলে তা সরকারের নজরে আসে। কিশোরগঞ্জবাসী নরসুন্দা নদীর উদ্ধারের দাবিতে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জনতার দাবির সাথে একত্মতা পোষণ করেন। মন্ত্রী কিশোরগঞ্জ শহরকে লেকসিটি হিসেবে গড়ে তোলা এবং পুরো নরসুন্দা নদী ড্রেজিং-এর মাধ্যমে খনন করার জন্য একটি প্রকল্প হাতে নেন। গত বছরের ২২ নভেম্বর কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল কলেজ মাঠে লেকসিটি খননের উদ্বোধন করেন সৈয়দ আশরাফুল ইসলাম। বিভিন্ন সূত্রে জানা যায়, ৩২ কি:মি: দীর্ঘ ও ৯০ ফিট প্রশস্ত নদী খনন কাজ শুরু হওয়ায় নতুন প্রজন্ম ফিরে পাচ্ছে রূপকথার নদী নরসুন্দা। মাঝিরা ফিরে পাচ্ছে আত্মকর্মসংস্থানের সুযোগ।