ধুনটে গাছ কাটা বন্ধের দাবিতে থানা ঘেরাও
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০১৩, ২১:২৮
ধুনট সমন্বিত উন্নয়ন প্রকল্প (ডিআইডিপি) কর্তৃক রাস্তার ধারে লাগানো কোটি টাকা মূল্যের গাছ অবৈধভাবে কর্তনের প্রতিবাদে সংস্থার কর্মকর্তা,কর্মচারী ও সুবিধাভোগীরা শনিবার ধুনট থানা ও উপজেলা পরিষদ ঘেরাও কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার গাছ ক্রয়কারীরা স্থানীয় সন্ত্রাসীদের নিয়ে গাছ কাটতে শুরু করে। এ সময় উপকারভোগী শতাধিক সদস্য গাছ কাটতে বাধা দেয়। এতে সন্ত্রাসীদের মারপিটে ফরিদা, মোনেজা ও ময়না নামের তিন সদস্য আহত হয়। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ শাহ্ ও ধুনট থানার ওসি (তদন্ত) শাহজাহান পাশা ঘটনাস্থলে পৌঁছে গাছ কাটা বন্ধ করে দেয়। পরদিন থেকে আবার গাছ কাটা শুরু করলে কয়েকশ’ উপকারভোগী সদস্য অবৈধভাবে গাছ কাটা বন্ধের দাবিতে শনিবার বিকালে প্রথমে ধুনট থানা ও পরে উপজেলা পরিষদ ঘেরাও কর্মসূচি পালন করে। এ সময় ডিআইডিপির সিনিয়র ব্যবস্থাপক আব্দুর রউফ, প্রকল্প ব্যবস্থাপক খন্দকার আতিকুল হক, এসআইডিপির প্রকল্প ব্যবস্থাপক আনোয়ার হোসেন, ডিআইডিপির হিসাবরক্ষণ কর্মকর্তা কামরুজ্জামান, শেরপুর উপজেলা ম্যানেজার আনোয়ার হোসেন, সিনিয়র মাঠ সমন্বয়কারী রুবেল আলম, সেজাবউদ্দিন, রানী প্রমুখ উপস্থিত ছিলেন।