গানে কবিতায় ওয়াহিদুল হক স্মরণ
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০১৩, ২১:৩৫
ওয়াহিদুল হক চলে গেছেন ছয় বছর হল। কিন্তু এখনো দেশজুড়ে ছড়িয়ে থাকা সুহূদ, শিল্পীদের মনে প্রেরণাপুরুষ হয়ে বিরাজ করছেন তিনি। সেই টানেই গতকাল তাঁর মৃত্যুবার্ষিকীতে ভোরে ধানমন্ডির ছায়ানট ভবনে এসে মিলিত হয়েছিলেন তার স্নেহস্পর্শ পাওয়া শিল্পী, বন্ধু, ভক্তরা। গানে গানে শ্রদ্ধা জানালেন সবাই।
‘কেন তোমরা আমায় ডাকো, আমার মন না মানে।/ পাই নে সময় গানে গানে।/ পথ আমারে শুধায় লোকে, পথ কি আমার পড়ে চোখে,/ চলি যে কোন্ দিকের পানে গানে গানে’— রবীন্দ্রসঙ্গীতের এই কথার মতই গানের টানে, মানুষের টানে ছুটে বেরিয়েছেন সারাজীবন। গতকাল সকালে শিল্পীরা যেন সেই সুরের গুরুর কাছে গানে গানে জানালেন প্রার্থনা : সুরের গুরু, দাও গো সুরের দীক্ষা — মোরা সুরের কাঙাল, এই আমাদের ভিক্ষা।
ছায়ানট আয়োজিত অনুষ্ঠানে গানে, কথায়, কবিতায় সবাই উচ্চারণ করলো — সংস্কৃতির পথ নির্মাণের মধ্য দিয়ে মানুষের কল্যাণ সাধন, মুক্তবুদ্ধি চর্চার পথে এগিয়ে যাওয়াই হবে ওয়াহিদুল হককে সঠিক সম্মান জানানো।
ওয়াহিদুল হক বাঙালি হয়ে মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য আজীবন মানুষ গড়েছেন, সংঘবদ্ধ করেছেন, পথ দেখিয়েছেন। ছায়ানটসহ অসংখ্য সাংস্কৃতিক সংগঠন গড়ে তোলায় অগ্রগণ্য ব্যক্তি তিনি। সারা দেশে রবীন্দ্র সঙ্গীত চর্চায় মানুষকে আগ্রহী করে তোলার ক্ষেত্রে তার অবদান চিরস্মরণীয়। গতকাল রবিবার ওয়াহিদুল হকের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছায়ানটের শিল্পীরা শ্রদ্ধাভরে স্মরণ করলো এই গুণী ব্যক্তিত্বকে।
সকালে গানের আসরে উপস্থিত ছিলেন ছায়ানটের সদস্য, শিক্ষক, শিল্পী ও শিক্ষার্থীরা। শিল্পীরা একে একে গেয়ে শোনান ‘সুরের গুরু দাও গো সুরের দীক্ষা, বাজাও তুমি কবি, তোর আপন জনে ছাড়বে তোরে, আমার প্রাণে গভীর গোপন, অরূপ, তোমার বাণী, জাগো জাগো রে জাগো, আকাশ-ভরা সূর্য-তারা, গানের ভিতর দিয়ে যখন দেখি, তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে, ওই আসন তলের মাটির ’পরে, আকাশে আজ কোন্ চরণের, আকাশ জুড়ে শুনিনু ওই বাজে, গানে গানে তব বন্ধন যাক টুটে, দিনের বেলায় বাঁশি তোমার, মালা হতে খসে-পড়া ফুলের একটি দল, আমার সকল রসের ধারা, আসা-যাওয়ার পথের ধারে, হে আকাশবিহারী নীরদবাহন জল, তোমার প্রেমে ধন্য কর যারে, পান্থ তুমি ও পান্থজনের সখা হে।
সন্ধ্যায় আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন পর্ব শুরু হয় সম্মেলক গানের মধ্য দিয়ে। ‘বজ্রে তোমার বাজে বাঁশি, সে কি সহজ গান!/ সেই সুরেতে জাগব আমি, দাও মোরে সেই কান।/ আমি ভুলবো না আর সহজেতে,/ সেই প্রাণে মন উঠবে মেতে মৃত্যু-মাঝে ঢাকা আছে যে অন্তহীন প্রাণ।
এরপর স্মৃতিচারণ ও ওয়াহিদুল হক সম্পর্কে আলোচনা করেন ছায়ানট সভাপতি সন্জীদা খাতুন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। এছাড়া ওয়াহিদুল হকের কণ্ঠে ধারণকৃত সঙ্গীত বাজিয়ে শোনানো হয় অনুষ্ঠানে। এছাড়া সঙ্গীত পরিবেশন করেন শিল্পী ইফফাত আরা দেওয়ান, তানিয়া মান্নান, লাইসা আহমেদ লিসা, শারমিন সাথী ইসলাম, ইখতিয়ার ওমর, তারেক আলী, সিফায়েত উল্লাহ মুকুল, এটিএম জাহাঙ্গীর প্রমুখ। যন্ত্রানুষঙ্গে ছিলেন - তবলায় এনামুল হক ওমর ও সুবীর ঘোষ, এস্রাজে অসিত বিশ্বাস, মন্দিরায় প্রদীপ কুমার রায়।