রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বিতভাবে কাজ করতে হবে

বিশ্বের খ্যাতিমান রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে নিয়োজিত মার্কিন প্রতিষ্ঠান সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন-এর প্রধান ড: থমাস আর ফ্রাইডেন রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সরকার, বেসরকারি সংস্থা ও বিশেষজ্ঞদের একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সংস্থাটির বাংলাদেশের সঙ্গে ভালো ও ইতিবাচক সম্পর্ক রয়েছে যা এদেশে রোগ প্রতিরোধে সহায়ক হয়েছে। তিনি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সিডিসির অধিকতর সহযোগিতার কথা উল্লেখ করেন। সিডিসির প্রধান হিসাবে ঢাকা সফরত ড: ফ্রাইডেন রবিবার আইসিডিডিআরবিতে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ আহ্বান জানান। এ সময় সিডিসির কান্ট্রি ডিরেক্টর ড: জেমস ডি হেফেল ফিঙ্গার, মার্কিন দূতাবাসের প্রেস এন্ড ইনফরমেশন অফিসার কেলি ম্যাককার্থি ও হেড অব মিডিয়া মেরিনা ইয়াসমিন উপস্থিত ছিলেন। ড: ফ্রাইডেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সিডিসির দীর্ঘ ৪০ বছরের রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে নানা ভূমিকার কথা উল্লেখ করে বলেন, প্রতিষ্ঠানটি রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য সেবাদানের ক্ষেত্রে প্রশিক্ষণের মত দুটি আরও নতুন কর্মসূচি চালু করতে যাচ্ছে। এ দুটি কর্মসূচি চালু হলে বাংলাদেশে রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ব্যাপক ভূমিকা রাখবে। ইন্টারনাল মেডিসিন ও সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ হিসাবে তার অভিজ্ঞতা তুলে ধরে ড: ফ্রাইডেন নিপা ভাইরাস, ধূমপানের ক্ষতি ও ক্যান্সার প্রতিরোধ নিয়েও কথা বলেন। তিনি বলেন, নিপা ভাইরাস শনাক্তকরণে সিডিসি সহায়তা দিয়ে থাকে। ধূমপান নিরুত্সাহিত করার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ধূমপানের ফলে শুধু যে ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি থাকে তাই নয়, ধূমপানের জটিলতা নানাভাবে আমাদের ক্ষতিগ্রস্ত করে। ধূমপানে আয়ু কমে। তাই ধূমপান পরিহার করা উচিত। ক্যান্সারের ভয়াবহতা সম্পর্কে বলতে গিয়ে কোলন ক্যান্সার রোধে তার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, শুধুমাত্র হেপাটাইটিস বি ভ্যাকসিন দিয়ে আমরা লিভার ক্যান্সারের মত প্রাণঘাতী রোগ প্রতিরোধ করতে পারি। তিনি ক্যান্সার প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির আহ্বান জানান।