বেসরকারি মেডিক্যাল কলেজে ভর্তি প্রশ্নে হাইকোর্টের রুল
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০১৩, ২১:৩৮
বেসরকারি মেডিক্যাল কলেজে ভর্তি ফি ও টিউশন ফি সরকারি মেডিক্যাল কলেজের সাথে সামঞ্জস্য রেখে একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের কেন নির্দেশ দেয়া হবে না, তার কারণ জানতে চেয়ে সংশ্লি¬ষ্টদের প্রতি হাইকোর্ট গতকাল রুল জারি করেছে।
এ সংক্রান্ত এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদ সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ গতকাল এ আদেশ দেয়। তিন সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ, শিক্ষা ও স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের ডিজিকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
জনস্বার্থে ‘লইয়ার্স সোসাইটি ফর ল’-এর পক্ষে একেএম ফয়েজ রিট আবেদনটি দায়ের করেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন এডভোকেট এ কে এম ফয়েজ এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি এটর্নি জেনারেল মোখলেছুর রহমান শুনানী করেন।
এডভোকেট এ কে এম ফয়েজ সাংবাদিকদের বলেন, গত ২২ ডিসেম্বর একটি জাতীয় দৈনিকে সরকারি মেডিক্যাল কলেজের চেয়ে বেসরকারি মেডিক্যাল কলেজে ১২৫ গুণ বেশি ফি আদায় করা হচ্ছে বলে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। তিনি বলেন, প্রতিবেদনে বলা হয়, সরকারি মেডিক্যাল কলেজগুলোতে জনপ্রতি ভর্তি ফি এক হাজার টাকা। অথচ বেসরকারি মেডিক্যাল কলেজগুলোতে জনপ্রতি ভর্তি ফি আদায় করা হচ্ছে ১৩ থেকে ১৫ লাখ টাকা। তাই এ বিষয়ে একটি নীতিমালা প্রয়োজন। তিনি বলেন, ২০১২-১৩ শিক্ষাবর্ষে সরকারের পক্ষ থেকে ভর্তি সংক্রান্ত বিভিন্ন দিক-নির্দেশনা থাকলেও ভর্তি ও টিউশন ফি নিয়ে কোনো নির্দেশনা দেয়া হয়নি, যা শিক্ষানীতি ২০১০-এর ৮ নম্বর অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন।