সিলেটের ওসমানীনগরে বাদল মালাকার (২২) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার তাজপুর ইউপির খাশিপাড়া গ্রামের বিরু মালাকারের ছেলে। নিহত বাদল পেশায় রিকশাচালক ছিল বলে জানা গেছে। বুধবার দিনগত রাত ১০টার দিকে উপজেলার উছমানপুর ইউপির লামাপাড়া কাজিরগাঁও গ্রামের সুরুজ মিয়ার নির্মাণাধীন বাড়ি থেকে লাশটি উদ্ধার করে ওসমানীনগর থানা পুলিশ।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বুধবার সকালে রিকশা নিয়ে বের হয় বাদল। দুপুরে বাড়িতে গিয়ে ভাত খেয়ে আবার বের হয়। কিন্তু রাত ১১টা পর্যন্ত বাড়িতে ফিরে না আসায় স্বজনরা তাকে খোঁজাখুজি করতে থাকেন। এক পর্যায়ে থানা পুলিশ কর্তৃক অজ্ঞতানামা লাশ উদ্ধারের খবর পেয়ে থানায় গিয়ে বাদলের গলাকাটা লাশ দেখতে পান।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ এসএম আল মামুন বলেন, পরিচয় সনাক্ত হওয়ার পর ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, খুনিরা বুধবার রাতেই বাদলকে ঠাণ্ডা মাথায় গলা গেটে হত্যা করেছে। দ্রুত জড়িতদের সনাক্ত করতে থানা পুলিশ তত্পর রয়েছে।